তৃণমূল দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে ঈদের পরে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আওতাধীন সাংগঠনিক ইউনিট’গুলোতে নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে। এ তথ্য জানিয়েছেন দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। তিনি বলেন, রমজান মাস শেষ হলে অতিদ্রুত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নতুন সাংগঠনিক নেতৃত্ব ঘোষণা করা হবে। নতুন এই নেতৃত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। আশা করছি নতুন নেতৃত্ব দলের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি গতকাল সোমবার লোহাগাড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাজমুল নাজমুল মোস্তফা আমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাউদ্দিন চৌধুরী সোহেল ও মো. ফৌজুল কবির ফজলু। লায়ন হেলাল বলেন, আগামীতে অনুষ্ঠেয় স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনীত সকল প্রার্থীকে বিজয়ী করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারণ একটি রাজনৈতিক দল কিংবা সরকারের সাংগঠনিক শক্তির অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে স্থানীয় সরকার প্রতিষ্ঠান। স্থানীয় সরকার নির্বাচনে যে দলের প্রতিনিধিরা বেশি সংখ্যায় নির্বাচিত হয়, সেই দলই সাংগঠনিকভাবে বেশি শক্তিশালী হয়ে ওঠে। তাই দলের লক্ষ্য অর্জনের জন্য নেতাকর্মীদের মধ্যে সকল ধরনের ভুল বোঝাবুঝি, ব্যক্তিগত চাওয়া–পাওয়া ও বিভেদ দূরে রেখে দলের জন্য কাজ করতে হবে।












