প্রতিবছরের মতো এবারও ঈদের ছুটিতে একটু প্রশান্তির আশায় বিনোদন কেন্দ্রগুলোতে ছুটেছেন নগরবাসী। তাই বিনোদন কেন্দ্রগুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। নগরীর অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র চট্টগ্রাম চিড়িয়াখানা, ফয়’স লেক, আগ্রাবাদ শিশু পার্ক এবং পতেঙ্গা সমুদ্র সৈকতে পরিবার পরিজন এবং বন্ধুবান্ধব নিয়ে হৈ চৈ করে ঈদের ছুটি উপভোগ করেছেন নগরবাসী। বিনোদন কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের প্রথমদিন দর্শনার্থীর সংখ্যা তুলনামূলক কম হলেও দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থদিন দর্শনার্থীদের ভিড় ছিল দেখার মতো। ঈদকে কেন্দ্র করে পার্ক কর্তৃপক্ষ শিশুদের জন্য নতুন নতুন রাইড নিয়ে এসেছে।
বিনোদন কেন্দ্র ফয়’স লেক এমিউজমেন্ট পার্কে উচ্ছ্বাসে মেতে থাকে শিশুরা। এছাড়া ফয়’স লেক সী ওয়ার্ল্ডে শিশু–কিশোর এবং যুবক–যুবতীরা ডিজে গানের তালে তালে জলকেলিতে মেতেছিলেন। সী ওয়ার্ল্ডে ঘুরতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাজওয়ার আজিম বলেন, বিভিন্ন ব্যস্ততার কারণে সাধারণত সী ওয়ার্ল্ডে আসা হয় না। তবে ঈদ এলেই ঘনিষ্ঠজনদের নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে এখানে ছুটে আসি। প্রায় চার ঘণ্টা সবার সাথে হৈ হুল্লোড় করে সময় কাটিয়েছি। অনেক বছর পর এসে খুব আনন্দ করেছি। জানতে চাইলে ফয়’স লেক এমিউজমেন্ট পার্কের ব্যবস্থাপক (বিপণন) বিশ্বজিৎ ঘোষ বলেন, ঈদের দিন যেহেতু সবাই ব্যস্ত থাকে তাই দর্শনার্থী সংখ্যা খুব কম ছিল। প্রথম দিন ফয়’স লেক ও সী ওয়ার্ল্ডে দর্শনার্থী এসেছে এক হাজার ২০০জন। দ্বিতীয় দিন ৫ হাজার জন, তৃতীয় দিন ৪ হাজার ৯০০ এবং চতুর্থ দিন এসেছে ৫ হাজার। তবে গতকাল পঞ্চম দিন দর্শনার্থীর সংখ্যা কমেছে।
অন্যদিকে ঈদের ছুটিতে চট্টগ্রাম চিড়িয়াখানায়ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। চিড়িয়াখানায় এবার সবচেয়ে বেশি ভিড় ছিল জেব্রা এবং বানরের খাঁচার সামনে। অভিভাবকদেরও বিভিন্ন পশু পাখির নামের সাথে শিশুদের পরিচয় করিয়ে দিতে দেখা গেছে। অন্যদিকে বাঘ এবং সিংহের খাঁচার সামনেও উৎসুক দর্শনার্থীদের ভিড় ছিল।
নগরীর মুরাদপুর থেকে আসা বেসরকারি চাকরিজীবী ফরিদ উদ্দিন বলেন, সাধারণত চিড়িয়াখানায় আসা হয় না। এবার ঈদের ছুটিতে পবিরারের সদস্যদের ঘুরতে এসেছি। চিড়িয়াখানায় নতুন নতুন অনেক পশুপাখি যুক্ত হয়েছে। দেখে খুব ভালো লাগছে।
অন্যদিকে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতেও ছিলো দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পতেঙ্গা সমুদ্র সৈকতের বিস্তীর্ণ এলাকায় স্বজনদের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে ছুটে যায় নগরবাসী। সৈকতে ঘুরতে আসা দর্শনার্থী আমির হোসেন বলেন, বন্ধুদের নিয়ে সমুদ্র সৈকতে এসেছি। সমুদ্রে অনেক হৈ হুল্লোড় ও লাফালাফি করেছি। অনেকদিন পর ভালো একটি দিন কাটালাম।











