গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন (GMCA) এবং সেন্ট্রাল ম্যানেজার ঈদ সেলিব্রেশন কমিটি (CMECCC)-এর যৌথ উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের জামাত অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
ঈদের নামাজ ম্যানচেস্টারের কভারডেল ক্রিসেন্ট পার্কে সকাল ৯:৩০টায় অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। সবাই একত্রিত হয়ে আল্লাহর সন্তুষ্টি কামনায় নামাজ আদায় করেন এবং দেশ-জাতির কল্যাণ ও বিশ্ব শান্তির জন্য দোয়া করেন।
নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় হয় এবং এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
এদিকে, অনুষ্ঠানে গ্রেটার ম্যানচেস্টার চাট্টোগ্রাম অ্যাসোসিয়েশন (GMCA)-এর চেয়ারম্যান ফয়সাল কবির নিক্সন ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে চাট্টোগ্রাম কমিউনিটির জন্য একটি মসজিদ ও ইসলামিক সেন্টার প্রতিষ্ঠার ঘোষণা দেন।

তিনি জানান, এই উদ্যোগের মাধ্যমে প্রবাসে বসবাসরত কমিউনিটির ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য একটি স্থায়ী কেন্দ্র গড়ে তোলা হবে। প্রস্তাবিত মসজিদ ও ইসলামিক সেন্টারটি নামাজ আদায়ের পাশাপাশি ইসলামিক শিক্ষা, কোরআন শিক্ষা, শিশু-কিশোরদের নৈতিক বিকাশ এবং বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রমের কেন্দ্র হিসেবে কাজ করবে।
চেয়ারম্যান কমিউনিটির সকল সদস্যকে এই মহৎ উদ্যোগ সফল করতে এগিয়ে আসার আহ্বান জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন।
এই জামাতে আরো উপস্থিত ছিলেন সপরিবারে সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর চৌধুরী, মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আনোয়ারুল আজিম, অর্গানাইজিং সেক্রেটারি মোঃ মোরশেদ, প্রেস সেক্রেটারি ইসমাইল আব্দুল্লাহ বাপ্পি, অফিস সেক্রেটারি তৌহিদুল ইসলাম, মহিউদ্দিন, টিটু, আবু জাহেদ, সারোয়ার অপু সহ অনেক সদস্য।
আয়োজক কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও সম্প্রীতি আরও জোরদার করবে।









