কক্সবাজারের আলোচিত ঈদগাঁও উপজেলা ও রামু উপজেলার সংযোগ সড়ক ঈদগাঁও–ঈদগড় সড়কে আবারও অপহরণের ঘটনা ঘটেছে। ডাকাতি ও অপহরণের জন্য কুখ্যাত এই সড়কের হিমছড়ি ঢালা এলাকায় দুই মোটরসাইকেল আরোহীকে অপহরণ করে পাহাড়ে নিয়ে গেছে একদল ডাকাত।
অপহৃতরা হলেন-বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নারিচবুনিয়া গ্রামের সেকান্দরের ছেলে আব্দুর হাকিম এবং ৯ নম্বর ওয়ার্ডের তুফান আলী পাড়ার মোস্তাক আহম্মদের ছেলে আব্দুল জব্বর।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারা দুজনই পেশায় রাবার বাগানের শ্রমিক।
স্থানীয়দের তথ্যমতে, ২৪ মার্চ (মঙ্গলবার) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তারা মোটরসাইকেলে করে ঈদগাঁও থেকে বাইশারীর উদ্দেশ্যে রওনা দেন। পথে ঈদগড়–ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালা এলাকায় পৌঁছালে একদল ডাকাত তাদের পথরোধ করে। পরে তাদের জোরপূর্বক অপহরণ করে পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদারের নেতৃত্বে পুলিশ অভিযান শুরু করেছে। ঈদগাঁও ও ঈদগড় পুলিশ যৌথভাবে বিভিন্ন পাহাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে অপহৃতদের উদ্ধারের চেষ্টা করছে বলে জানা গেছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, ঈদগাঁও–ঈদগড় সড়ক দীর্ঘদিন ধরেই ডাকাতি ও অপহরণের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। বিশেষ করে রাতের বেলায় এই সড়কে চলাচল করতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে। দ্রুত নিরাপত্তা জোরদার এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত অপহৃত দুই শ্রমিকের কোনো সন্ধান পাওয়া যায়নি। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।








