কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অপহরণের নাটক সাজিয়ে মুক্তিপণ দাবির ঘটনা উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় এক কিশোরসহ দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক হওয়া কিশোর মো. ইব্রাহিম (১৫) বগুড়া জেলার আদমদিঘী উপজেলার বাসিন্দা। তিনি ঈদগাঁও এলাকায় শীতল পাটি বিক্রির কাজ করতেন এবং কালাম সরদার (৩৩) নামের এক ব্যক্তির অধীনে পণ্য বিক্রি করতেন।
অভিযোগ অনুযায়ী, পাটি বিক্রির টাকা খরচ করে ফেলায় মালিককে হিসাব দিতে ব্যর্থ হয়ে ইব্রাহিম এক টমটম চালকের সঙ্গে পরিকল্পিতভাবে আত্মগোপনে যান। পরে তারা ধলিরছড়া পাহাড় এলাকায় অবস্থান নিয়ে নিজেদের অপহৃত দাবি করে পাটির মালিকের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় পাটির মালিক ঈদগাঁও থানায় একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করলে পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করে। তদন্তের দায়িত্ব পান ঈদগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ।
পরবর্তীতে এসআই আশরাফ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন অভিযান পরিচালনা করে ধলিরছড়া পাহাড় এলাকা থেকে ওই কিশোর ও তার সহযোগীকে উদ্ধার করতে সক্ষম হন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণের নাটক সাজিয়ে মুক্তিপণ দাবি করার বিষয়টি স্বীকার করেছে।
ঈদগাঁও থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।












