সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় ইয়ং স্টার ক্লাব এবং মাদারবাড়ি উদয়ন সংঘ জয়লাভ করেছে। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ইয়ং স্টার ক্লাব ১৩ রানে নোয়াপাড়া লায়ন্স ক্লাবকে পরাজিত করে। ইয়ং স্টার ক্লাব তাদের প্রথম খেলায় আবেদিন ক্লাবকে পরাজিত করেছিল। এনিয়ে টানা দুটি ম্যাচ জিতলো ইয়ং স্টার। গতকাল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওবারে ৫ উইকেট হারিয়ে তারা ১৩৬ রান সংগ্রহ করে। দলের হয়ে ওপেনার জিহাদ ৬০ বলে ৮৭ রানের ইনিংস খেলেন। ১২টি চার এবং ২টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া ফরহাদ ২০ রান করেন এবং অতিরিক্ত থেকে আসে ১২ রান। নোয়াপাড়া লায়ন্সের শাহীন আলম ২০ রান দিয়ে ২টি উইকেট পান।
জবাবে নোয়াপাড়া লায়ন্স ক্লাব ১৯.৪ ওভার খেলে ১২৩ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে আমাজ ৬৩ বলে সর্বোচ্চ ৭৬ রান করেন। তিনি ৮টি চার এবং ২টি ছক্কা মারেন। এছাড়া রাহুল দাশ ১৮ এবং ফারহান ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৯ রান। ইয়ং স্টার ক্লাবের রাকিবুল ১৫ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন। ২টি উইকেট পান মারওয়ান। ম্যাচ সেরা জিহাদের হাতে পুরস্কার তুলে দেন ইয়ং স্টার ক্লাবের যুগ্ম সম্পাদক মো. জাহেদ হোসেন এবং সাবেক ক্রিকেটার ইঞ্জিনিয়ার ফজলে রাব্বী খান সাজ্জাদ। অপর খেলায় মাদারবাড়ি উদয়ন সংঘ ৭০ রানের বড় ব্যবধানে সেবা নিকেতনকে পরাজিত করে। সেবা নিকেতনের এটা দ্বিতীয় পরাজয়। টসে জিতে মাদারবাড়ি উদয়ন প্রথমে ব্যাট করতে নামে। ২০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে তারা ১৪৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইফাজ ২২ বলে সর্বোচ্চ ৫৭ অপ. রান করে। তিনি ৩টি চার এবং ৬টি ছক্কা মারেন। এছাড়া ওপেনার রানা ৩৯ বলে ৩৯ রান করেন ৬টি চারের সাহায্যে। অন্যদের মধ্যে সাদেক ২১ এবং সাদ্দাম ১৫ রান করেন।
অতিরিক্ত থেকে আসে ১৩ রান। সেবা নিকেতনের পক্ষে ২টি করে উইকেট নেন সাদ্দাম এবং নাইম। জবাব দিতে নেমে সেবানিকেতন ১৫.৫ ওভারে মাত্র ৭৮ রানে গুটিয়ে যায়। দলের ওপেনার নাবিল ছাড়া আর কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। নাবিল ২৬ বল খেলে ৩৮ রান করেন ৫টি চার এবং ১টি ছক্কায়। অতিরিক্ত থেকে আসে ১৪ রান। মাদারবাড়ি উদয়নের পক্ষে ২টি করে উইকেট নেন সাদমান,তৌহিদ এবং ইয়াসিন। ম্যাচ সেরা ইফাজের হাতে পুরস্কার তুলে দেন সেবা নিকেতনের যুগ্ম সম্পাদক শাহীন চৌধুরী এবং লায়ন এম এ মুসা বাবলু।












