সন্তানের কাছে বটবৃক্ষ সমতুল্য বাবা। তাঁর ছায়ায় স্বস্তিতে ঘুমাতে পারে সন্তান। বাবা শাশ্বত, চির আপন, চিরন্তন। বাবার তুলনা তিনি নিজেই। জন্মের প্রথম দিন থেকে শেষ অবধি বাবার ছায়ার প্রয়োজনীয়তা প্রতি মুহূর্তে। গত ৩০ জুন শুক্রবার বিকালে বাঁশখালী নাটমুড়া পুকুরিয়া ইয়ং পাওয়ার ক্লাবের আয়োজনে বিশ্ব বাবা দিবস’২৩ উপলক্ষে বাবাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা জজ আদালতের অতিরিক্ত জিপি অ্যাডভোকেট সুমন ধর এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি দৈনিক আজাদীর সিনিয়র সাংবাদিক ঋত্বিক নয়ন বলেন, পিতা–মাতা সন্তানের জীবনের প্রথম শিক্ষক। মা আমাদের লালন–পালন করেন আর বাবা সন্তানের জীবনে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে চলেন, যেকোন বিপদ আপদে বুক পেতে দেন। তিনি বলেন, বৃদ্ধাশ্রম কোন বাবা–মা’র ঠিকানা হতে পারে না। প্রত্যেক সন্তানের উচিৎ বাবা–মায়ের সেবা করা। বাবা মানে নির্ভরতা। বাবা মানব জীবনের সব সুখ, আনন্দ, বিলাস ত্যাগ করা এক মানুষ। ইয়ং পাওয়ার ক্লাবের সভাপতি সেন্টু চৌধুরীর সভাপতিত্বে এবং ক্লাবের উপদেষ্টা উৎপল কান্তি দের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটমুড়া পুকুরিয়া সার্বজনীন দূর্গা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি দিলীপ চৌধুরী, শ্রীশ্রী হরি মন্দিরের ভূমিদাতা ভোলানাথ দে এবং ক্লাবের উপদেষ্টাগণ। অনুষ্ঠানে বাবাদের সম্মাননা প্রদান ছাড়াও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।












