ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে খুলনা ৪৭ রানে অলআউট!

| মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৫৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চট্টগ্রাম ভেন্যুতে ‘এ’ গ্রুপের দুটি খেলা গতকাল সোমবার শুরু হয়েছে। সাগরিকার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিনদিনব্যাপী খেলার প্রথম দিনে রংপুর বিভাগের বিপক্ষে খুলনা বিভাগ প্রথম ইনিংসে মাত্র ৪৭ রানে অলআউট হয়ে যায়। টসে জিতে খুলনা প্রথমে ব্যাট করতে নামে। আর নেমেই রংপুর বিভাগের বোলিং তোপে পড়ে। কোন প্রতিরোধই করতে পারেনি খুলনা বিভাগ। শেষ ব্যাটার ওমর ফারুক ১৫ ছাড়া আর কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। তাইফুল আলম তামিম ১৭ রান দিয়ে ৫টি উইকেট দখল করেন। সাব্বির ইসলাম ১৬ রান দিয়ে ৩টি উইকেট পান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে রংপুর প্রথম দিনে ৪ উইকেটে ২৩৮ রান করে। এতে করে ১৯১ রানে এগিয়ে আছে তারা প্রথম ইনিংসে। হাটহাজারীর কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে সিলেট বিভাগ ১২৮ রানে পিছিয়ে আছে ঢাকা বিভাগ দক্ষিণের চাইতে। টসে জিতে সিলেট ব্যাট করতে পাঠায় ঢাকা বিভাগ দক্ষিণকে। ঢাকা ১ম ইনিংসে ২০২ রান করে অলআউট হয়। দলের পক্ষে আপন চৌধুরী ৮০,স্বপ্ন দাস ৫৫ রান করেন। সিলেট বিভাগের জাহিদুল ইসলাম ৭২ রানে ৬টি উইকেট দখল করেন। জবাবে সিলেট বিভাগ ৭৪ রানে ৮ উইকেট হারায়। ঢাকা বিভাগ দক্ষিণের আপন চৌধুরী ৩টি উইকেট পান। লিমন ও স্বপ্ন দাস ২টি করে উইকেট নেন।

পূর্ববর্তী নিবন্ধরামপুর উদিচী শিকলবাহার জয়
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টারের অনুশীলন উদ্বোধন