বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব–১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় অপরাজিতভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চট্টগ্রাম জেলা দল। গতকাল শনিবার নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে ফাইনাল খেলায় চট্টগ্রাম জেলা দল ৫ উইকেটে লক্ষ্মীপুর জেলা দলকে পরাজিত করে। টসে জিতে লক্ষ্মীপুর প্রথমে ব্যাট করতে নামে। ৪০.৪ ওভার খেলে মাত্র ৭২ রানে তারা গুটিয়ে যায়। দলের দুই ওপেনারই ফেরে শূন্য রানে। এরপর নিয়মিত বিরতিতেই তাদের উইকেট পড়তে থাকে। লক্ষ্মীপুরের সর্বোচ্চ রান আসে অতিরিক্ত ২২ থেকে। এছাড়া ১২ রান করে সংগ্রহ করে আবু বকর সিদ্দিক এবং আজমল হোসেন। পাঁচ ব্যাটার কোন রানই পায়নি। চট্টগ্রামের পক্ষে ৩টি করে উইকেট নেয় শাহজামান আলী শায়ান এবং রাদিব হোসেন। ২টি করে উইকেট পায় মো. মারুফ এবং আবরার খান। জবাবে চট্টগ্রামও ৫ উইকেট হারিয়ে ফেলে ২২.৩ ওভারে ৭৩ রান তুলতে গিয়ে। চট্টগ্রামের আদ্রিত বিশ্বাস ৫৫ বল খেলে অপরাজিত ৩৬ রান করে। ৫টি বাউন্ডারি ছিল তার ইনিংসে। মাহিব চৌধুরী ১০ রান করে আউট হয়। অতিরিক্ত থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান। লক্ষ্মীপুরের পক্ষে ১টি করে উইকেট পায় মো. হাবিব, আজমল হোসেন এবং বোরহানউদ্দিন। ম্যাচ সেরা নির্বাচিত হয় ১২ রান দিয়ে ৩ উইকেট লাভ করা চট্টগ্রামের শাহজামান আলী শায়ান। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব–১৪ দলের ম্যানেজার ছিলেন সিজেকেএস কাউন্সিলর সোহেল আহমেদ। কোচ হিসেবে আশরাফ নাহিদ এবং সহকারী কোচ হিসেবে অয়ন দত্ত দায়িত্ব পালন করেন।










