বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব–১৪ ক্রিকেটের ফাইনালে উঠেছে চট্টগ্রাম জেলা দল। গতকাল নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় তারা ৬৪ রানে খাগড়াছড়ি জেলা দলকে পরাজিত করে। চট্টগ্রাম আগামী ৭ ফ্রেব্রুয়ারি ফাইনাল খেলবে লক্ষ্মীপুরের সাথে। টসে জিতে চট্টগ্রাম প্রথমে ব্যাট করতে নামে। ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে তারা ১৮০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে ইকবাল হোসেনের ব্যাট থেকে। ইকবাল ৬৫ বল খেলে ৬৫ রান করে ৮টি চারের সাহায্যে। এছাড়া আদ্রিত বিশ্বাস ৫৬ বল খেলে ৬টি চার মেরে ৪০ রান করে। অতিরিক্ত থেকে আসে ৩২ রান। খাগড়াছড়ির পক্ষে ৩টি করে উইকেট পায় সালমান শাহিন এবং সাকিবুল হাসান। ২টি উইকেট পায় আবদুল্লাহ আল জুনায়েদ এবং ১টি উইকেট লাভ করে পহর ত্রিপুরা। জবাবে খাগড়াছড়ি জেলা দল ৩৪.৪ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করতে সমর্থ হয়। দলের হয়ে আবদুল্লাহ আল জুনায়েদ সর্বোচ্চ ৩৫ রান করে ৪৯ বল খেলে। সে ৪টি চার এবং ২টি ছক্কা হাঁকায়। এছাড়া ওপেনার আশরাফুল ইসলাম ১৫ এবং নাইমুল ইসলাম ১১ রান করে। অতিরিক্ত থেকে আসে ২৫ রান। চট্টগ্রামের পক্ষে আবরার খান ৮ ওভার ৪ মেডেনে ১০ রান দিয়ে একাই ৫ উইকেট দখল করে। ১টি করে উইকেট পায় শাহজামান আলী,সোহান বিন হোসেন, ইকবাল হোসেন,মো. মারুফ এবং রাদিব হোসেন।











