ইসলাম মিয়া স্মৃতি সিসিএল আন্তঃস্কুল দাবায় কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন

| সোমবার , ৩ নভেম্বর, ২০২৫ at ৮:৫৯ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব লিমিটেডের উদ্যোগে দুই দিনব্যাপি ইসলাম মিয়া স্মৃতি সিসিএল আন্তঃ স্কুল দাবা টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৩১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ক্লাব অডিটরিয়ামে সম্পন্ন হয়। প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল দল। প্রথম ও দ্বিতীয় রানার্স আপ হয়েছে যথাক্রমে ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ ও হাজী মোহাম্মদ মহসিন হাই স্কুল। এই উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফিদে এশিয়ান জোন ৩.২ এর প্রসিডেন্ট সৈয়দ শাহাবুদ্দিন শামীম। অনুষ্ঠানে চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন (রাজ)। বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক চিটাগাং ক্লাবের সাবেক চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আব্দুর রহিম। তিনি প্রতি বছর এই টুর্নমেন্টটির পৃষ্ঠপোষকতা করার আশ্বাস প্রদান করেন।

স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং ক্লাব নির্বাহী কমিটির সদস্য ও দাবা বিভাগের মেম্বার ইনচার্জ তৌফিক ফরহাদ নুর। অনুষ্ঠানে মিসেস মিয়া মো. আব্দুর রহিম ও মিসেস তৌফিক ফরহাদ নুর এবং সাবেক মেম্বার ইনচার্জবৃন্দ ও দাবা সাব কমিটির সদস্যবৃন্দ সহ অংশগ্রহণকারী স্কুল সমুহের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এই টুর্নমেন্টে চীফ আরবিটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিদে আরবিটর এস এম তারেক। সাথে ছিলেন ডেপুটি আরবিটর মো. মহসিন জামান পাপ্পু প্রমূখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সিসিএল দাবা সাব কমিটির কনভেনর শায়লা মাহমুদ। এই টুর্নামেন্টে সহযোগিতা করে চিটাগাং চেস কোড একাডেমি, চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতি ও সিজেকেএস দাবা কমিটি।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টিকে বিদায় বললেন উইলিয়ামসন
পরবর্তী নিবন্ধকোহলিকে পেছনে ফেললেন বাবর