ইসরায়েলি গুপ্তচর হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন এপস্টেইন

বলছে এফবিআইয়ের নথি

| সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৩৯ পূর্বাহ্ণ

সাড়া জাগানো এপস্টেইন ফাইলসে থাকা ২০২০ সালের এফবিআইয়ের এক নথিতে কুখ্যাত শিশু নিপীড়ক ও ধনকুবের জেফ্রি এপস্টেইন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাকের অধীনে গুপ্তচর হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। খবর বিডিনিউজের।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের গোপন মানব সূত্র (সিএইচএস) প্রতিবেদন হিসেবে চিহ্নিত এ নথিতে যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়ায় অভ্যন্তরীণ বা বিদেশিদের অসাধু প্রভাব সংক্রান্ত গোয়েন্দা তথ্য রয়েছে, তবে সূত্রটি এর বাইরেও অনেক বিষয়ে বলেছে। সূত্রটি হার্ভার্ডের আইনের অধ্যাপক অ্যালান ডেরশোউইৎজ ও এপস্টেইনের মধ্যে ফোনালাপ শেয়ার করেছে, যেগুলোর কথা সূত্রটি টুকে রাখতো বলে নথিতে বলা হয়েছে। সেসব ফোনালাপের বিস্তারিত পরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে পাঠানো হতো, বলেছে মিডল ইস্ট আই। ওই সূত্রটি ২০২০ সালের ১৬ অক্টোবর যে তথ্য দিয়েছে তাতে দাবি করা হয়েছে, এহুদ বারাক ইসরায়েলের এখনকার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অপরাধী মনে করতেন। তথ্যদাতার দাবি, তিনি এপস্টেইন সংশ্লিষ্ট অনেক আলাপচারিতা শুনেছেন এবং পরে তিনি ও তার সঙ্গে আরও অনেকে এই সিদ্ধান্তে উপনীত হন যে এপস্টেইন ছিলেন মোসাদ সংশ্লিষ্ট একজন এজেন্ট। ডেরশোউইৎজ একবার এক মার্কিন অ্যাটর্নিকে এপস্টেইন যুক্তরাষ্ট্র ও তার মিত্র গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সম্পৃক্ত এমনটা বলেছেন বলেও শুনেছেন ওই তথ্যদাতা।

সুনির্দিষ্ট একটি সোর্স আইডির অধীনে থাকা এ অনামা সূত্রটিকে এপস্টেইন ফাইলসে কেবল একবারই পাওয়া গেছে। তার দাবি, ডেরশোউইৎজ নিজেও মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। নেতানিয়াহুর দীর্ঘদিনের বন্ধু ও উপদেষ্টা, ব্যাপকভাবে বিতর্কিত ডেরশোউইৎজ এপস্টেইন সংক্রান্ত মামলার পাশাপাশি হার্ভে উইনস্টন, ডনাল্ড ট্রাম্পসহ অনেক হাইপ্রোফাইল মার্কিন মামলায় সম্পৃক্ত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধইসলামাবাদ মসজিদে হামলার নিন্দা চীনের, পাকিস্তানের প্রতি সমর্থনের প্রতিশ্রুতি
পরবর্তী নিবন্ধনতুন ট্রাম্প ফোনের ডিজাইনে বদল, দামও চড়া?