ইরান সংকটের সমাধান সামরিক উপায়ে সম্ভব নয় : জার্মান পররাষ্ট্রমন্ত্রী

| বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানকে ঘিরে সংঘাতের সমাধান সামরিক উপায়ে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান বাডেফুল। তিনি সংকট নিরসনে সকল পক্ষকে আলোচনার টেবিলে ফেরার এবং কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন। গত মঙ্গলবার বিকালে জার্মানিতে অনুষ্ঠিত ইউরোপ কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান বাডেফুল বলেন, ইরানকে ঘিরে চলমান সংঘাতের কোনো সামরিক সমাধান নেই। এই সংঘাতের সামরিক সমাধান হবে বলে আমি মনে করি না। সামরিক পথে ইরান সংকটের সমাধান বাস্তবসম্মতও নয়। খবর বাংলানিউজের।

কনফারেন্সে ইরানে বর্তমান শাসনব্যবস্থা সামরিক পথে পরিবর্তনের সম্ভাবনাও তিনি নাকচ করে দেন। বাডেফুল বলেন, এটা ঘটবে বলে তিনি মনে করেন না।

পরিস্থিতি উত্তরণে আলোচনার উপর জোর দিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে উপসাগরীয় ও ইরানের প্রতিবেশী দেশগুলোকেও সম্পৃক্ত করতে হবে। তারপর ইরানের সঙ্গে বাস্তব ও সুনির্দিষ্ট আলোচনা শুরু করা প্রয়োজন।

বাডেফুল আরো জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের সামরিক লক্ষ্য অর্জনের পরপরই ইউরোপকে তা জানাবে আমরা এমনটাই প্রত্যাশা করছি এবং আমাদের তা জানা প্রয়োজন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনার অভিজ্ঞতা তুলে ধরে বাডেফুল বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সুস্পষ্ট সামরিক লক্ষ্য রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশ্যে ‘দম’ সিনেমার ট্রেইলার
পরবর্তী নিবন্ধলাভার মহাসাগরে ঘেরা নতুন গ্রহের খোঁজ পেলেন বিজ্ঞানীরা