ইরান যুদ্ধ জয়ের জন্য ব্র্রিটেনের সাহায্যের প্রয়োজন নেই : ট্রাম্প

| সোমবার , ৯ মার্চ, ২০২৬ at ৯:৩৮ পূর্বাহ্ণ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী পাঠানোর বিষয়ে ব্রিটেন গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা করছে, কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধে জয়ী হতে যুক্তরাষ্ট্রের তাদের সাহায্য প্রয়োজন নেই। খবর বিডিনিউজের।

ট্রাম্পের এমন মন্তব্যে পশ্চিমা এ দুই সামরিক মিত্রের সর্বশেষ দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে, লিখেছে রয়টার্স। ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে প্রাথমিকভাবে ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহার করতে দেয়নি লন্ডন। এতে ক্ষুব্ধ ট্রাম্প বারবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করেছেন। বলেছেন, স্টারমার দুই দেশের ঐতিহাসিক ঘনিষ্ঠ সম্পর্ককে ধ্বংস করছেন। শনিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে ব্রিটিশ সমর্থনের অভাব তিনি মনে রাখবেন। ট্রাম্প লিখেছেন, আমাদের এক সময়ের মহান মিত্র যুক্তরাজ্য, সম্ভবত তাদের সবার মধ্যে মহত্তম, অবশেষে মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী পাঠানো নিয়ে গুরুত্ব দিয়ে ভাবছে বলে জানিয়েছে।

ঠিক আছে প্রধানমন্ত্রী স্টারমার, এগুলোর আমাদের আর প্রয়োজন নেইকিন্তু আমরা মনে রাখবো। আমরা ইতোমধ্যে জয়ী হয়ে যাওয়ার পর যেসব লোকজন যুদ্ধে যোগ দেয় তাদের প্রয়োজন নেই আমাদের। শনিবার ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা সম্ভাব্য মোতায়েনের জন্য প্রিন্স অব ওয়েলস বিমানবাহী রণতরী প্রস্তুত করছে। এক ব্রিটিশ কর্মকর্তা জানিয়েছেন, এই বিমানবাহী রণতরীটি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হবে কি না, এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এরপরই সামাজিক মাধ্যমে ওই পোস্টটি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ইরানে হামলা শুরু করার প্রথমদিকে মার্কিন বাহিনীগুলোকে কোনো ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করার অনুমতি দেয়নি ব্রিটেন।

স্টারমার তার এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে বলেছেন, তাকে নিশ্চিত হতে হবে যে কোনো সামরিক পদক্ষেপ বৈধ ও সুপরিকল্পিত কি না। পরে তিনি মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহার করার অনুমতি দেন। স্টারমার জানান, সমরাস্ত্র গুদাম বা লঞ্চারে ইরানি ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক আঘাত হানতে ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। চলতি বছর এর আগে স্টারমার ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার ইচ্ছার সমালোচনা করেছিলেন। তারপর আফগানিস্তানের যুদ্ধে ইউরোপীয় সেনারা সম্মুখযুদ্ধ এড়িয়ে গেছে, ট্রাম্পের এমন মন্তব্যকে স্পষ্টতই সাংঘাতিক অভিহিত করে প্রত্যাখ্যান করেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবালেন্দ্র শাহের কাছে নিজ আসনে হারলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধকামাল উদ্দীন চৌধুরী