অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করার পর এবার নিজের মন্ত্রিসভায় আরও বড় ধরনের রদবদলের কথা গুরুত্ব দিয়ে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধের নেতিবাচক রাজনৈতিক প্রভাব নিয়ে ট্রাম্পের ক্রমবর্ধমান বিরক্তিই এই সম্ভাব্য রদবদলের মূল কারণ। হোয়াইট হাউজের অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত পাঁচটি সূত্র রয়টার্সকে এমনটি জানিয়েছে। খবর বিডিনিউজের।
পাঁচ সপ্তাহ ধরে চলা এই যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়ে গেছে, যার ফলে ট্রাম্পের জনপ্রিয়তা যেমন কমছে, তেমনি আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরিণতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে ক্যাবিনেটে পরিবর্তন এনে হোয়াইট হাউজের ভাবমূর্তিতে একটি রিসেট বা নতুনত্ব আনতে চাইছেন ট্রাম্প। বুধবার জাতির উদ্দেশে দেওয়া ট্রাম্পের টেলিভিশন ভাষণটি আশানুরূপ প্রভাব ফেলতে ব্যর্থ হওয়ায় প্রশাসনে পরিবর্তন আনার প্রয়োজনীয়তা আরও জোরালো হয়েছে। হোয়াইট হাউজের একজন কর্মকর্তা বলেন, পদক্ষেপ নেওয়ার প্রমাণ হিসেবে বড় কোনো রদবদল করা কি খারাপ কিছু? কারা আছেন ঝুঁকিতে? : সূত্রগুলো জানায়, পাম বন্ডি এবং হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমকে অপসারণের পর এখন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসি গ্যাবার্ড এবং কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিকের ভাগ্য সুতোয় ঝুলছে। সামপ্রতিক মাসগুলোতে গ্যাবার্ডের ওপর ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছেন এবং তার বিকল্প কে হতে পারেন তা নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনাও করেছেন।














