ইরান ঘিরে সৃষ্ট উত্তেজনা কমিয়ে আনতে রাশিয়া এখনও চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছে ক্রেমলিন। তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম প্রক্রিয়াজাত কিংবা সংরক্ষণের দায়িত্ব নিতে রাশিয়া অনেক আগে থেকেই প্রস্তাব দিয়ে রেখেছে বলেও সোমবার বলেছে তারা। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মস্কোর নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টি নিয়ে রাশিয়া তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে কথা বলেছে কিনা, এমন প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, দীর্ঘদিন ধরেই এই এজেন্ডা আলোচনায় রয়েছে। খবর বিডিনিউজের।
অনেকগুলো দেশের গাত্রদাহ কমানোর সম্ভাব্য বিকল্প হিসেবে রাশিয়া অনেক দিন ধরেই এ দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়ে আসছে, পেসকভ এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানের ওপর কোনো হামলা হলে তা আঞ্চলিক সংঘাতে রূপ নেবে বলে শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সতর্ক করার পর ক্রেমলিনের এ ভাষ্য এল।












