ইরানে স্কুলে যাওয়া ঠেকাতে মেয়েদের বিষপ্রয়োগ

| মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:৩৮ পূর্বাহ্ণ

ইরানের উপ–স্বাস্থ্যমন্ত্রী ইউনেস পানাহি ভয়ঙ্কর এক তথ্য সামনে এনেছেন। তিনি বলেছেন, কওম নগরীতে নারীশিক্ষা বন্ধ করতে স্কুলে পড়ুয়া মেয়েদের বিষপ্রয়োগ করা হয়েছে। এনডিটিভি জানায়, গতবছর নভেম্বর থেকে মূলত রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলীয় কওম নগরীতেই স্কুলে পড়ুয়া শত শত মেয়ে শ্বাসযন্ত্রে বিষপ্রয়োগের শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। কাউকে কাউকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

ইচ্ছাকৃতভাবেই যে এই বিষপ্রয়োগ করা হচ্ছে সে বিষয়টি গত রোববার পরোক্ষোভাবে নিশ্চিত করে জানিয়েছেন ইরানের উপ–স্বাস্থ্যমন্ত্রী ইউনেস পানাহি। খবর বিডিনিউজের।

ইরানের ইরনা বার্তা সংস্থা পানাহির উদ্ধৃতি দিয়ে বলেছে, কওম নগরীর স্কুলগুলোতে কয়েকজন শিক্ষার্থী বিষপ্রয়োগের শিকার হওয়ার পর ঘটনার কারণ অনুসন্ধানে বেরিয়ে এসেছে, কিছু মানুষ চাইছে সব স্কুল–বিশেষ করে মেয়েদের স্কুলগুলো বন্ধ হয়ে যাক। এ বিষয়ে পানাহি বিস্তারিত আর কিছু বলেননি। আর বিষপ্রয়োগের ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তারও হয়নি।

ইরনা বার্তা সংস্থা তাদের প্রতিবেদনে বলেছে, বিষপ্রয়োগে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের বাবা–মায়েরা গত ১৪ ফেব্রুয়ারিতে নগরীর প্রশাসনিক ভবনের বাইরে জড়ো হয়ে কর্তৃপক্ষের কাছ থেকে ঘটনার ব্যাখ্যা দাবি করে।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়াকে অস্ত্র দিলে চীনকে মূল্য দিতে হবে : যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধএকবারে ৩ টমেটোর বেশি নয়