ইরানে সরকার পরিবর্তনের বিরুদ্ধে সতর্ক করল চীন

| সোমবার , ৯ মার্চ, ২০২৬ at ৮:৫৮ পূর্বাহ্ণ

চলমান যুক্তরাষ্ট্রইসরায়েল হামলার মধ্যে ইরানে সরকার পরিবর্তনের চেষ্টার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে চীন। বলেছে, এমন যেকোনো পদক্ষেপে জনগণের সমর্থনের অভাব আছে। গতকাল রোববার চীনের রাজধানী বেইজিংয়ে এক বার্ষিক সম্মেলনের ফাঁকে সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো কালার রেভল্যুশন বা সরকার পরিবর্তনের নীল নকশা কখনোই সাধারণ মানুষের সমর্থন পাবে না। খবর বিডিনিউজের।

ইরান এবং সব দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়ে তিনি অবিলম্বে মধ্যপ্রাচ্যে এই সামরিক অভিযান বন্ধের দাবি জানান, যাতে সংঘাত বেড়ে যাওয়া এবং ছড়িয়ে পড়া ঠেকানো যায়। ওয়াং ই বলেন, এই যুদ্ধ হওয়া উচিত ছিল না। এতে কারো কোনো মঙ্গল হবে না। শক্তি দিয়ে কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়, বরং সশস্ত্র সংঘাত কেবল ঘৃণা বাড়াবে এবং নতুন সংকটের জন্ম দেবে।

মধ্যপ্রাচ্যের মানুষই ওই অঞ্চলের প্রকৃত নিয়ন্ত্রক উল্লেখ করে তিনি বলেন, অঞ্চলিক বিষয়গুলো সেখানকার দেশগুলোর নিজেদেরই স্বাধীনভাবে নির্ধারণ করে নেওয়া উচিত। তাদের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। গায়ের জোর থাকলেই যুক্তি সব সময় সঠিক হয় না। বিশ্বকে আমরা জঙ্গলের রাজত্বে ফিরে যেতে দিতে পারি না।

সব পক্ষকে যত দ্রুত সম্ভব আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন মধ্যপ্রাচ্যে শৃক্সখলা ফিরিয়ে আনা এবং বিশ্ব শান্তি রক্ষায় আঞ্চলিক দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত।

এক সপ্তাহ আগে ইরানে ইসরায়েলযুক্তরাষ্ট্র হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে চীন। সেইসঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা চাপের মুখে থাকলেও রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক অটল ও অবিচল থাকবে বলে পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

এদিকে, গত শনিবার ওয়াশিংটন পোস্ট পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিষদ তাদের এক গোপন নথিতে দাবি করেছে, বড় ধরনের সামরিক অভিযান চালিয়েও ইরানের বর্তমান সামরিক ও ধর্মীয় শাসনকাঠামো উপড়ে ফেলা অসম্ভব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের নেতৃত্ব পরিবর্তন করে তার পছন্দের কাউকে বসাতে পারবেন বলে যে দাবি করে আসছেন, গোয়েন্দা সংস্থার গোপন নথি সেই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। নথিতে উল্লেখ করা হয়েছে, এমন অভিযানের পরিণতি হবে অনিশ্চিত।

পূর্ববর্তী নিবন্ধঅপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স নীতি
পরবর্তী নিবন্ধপতেঙ্গার ৫০০ পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ হবে মঙ্গলবার