ইরানে বিক্ষোভ, সংঘর্ষ অব্যাহত

হামলা হলে পাল্টা জবাব, ওয়াশিংটনকে ইরান সতর্ক অবস্থায় ইসরায়েল

আজাদী ডেস্ক | সোমবার , ১২ জানুয়ারি, ২০২৬ at ৬:১৩ পূর্বাহ্ণ

সরকারের রক্তক্ষয়ী দমনপীড়ন উপেক্ষা করে শনিবার রাতেও ইরানের বিভিন্ন শহরে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। গত তিন দিনে দেশটিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে শতাধিক হতাহত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে এমন ধারণা দেওয়া খবরও তাদের দমিয়ে রাখতে পারেনি বলে জানিয়েছে বিবিসি। সত্যতা নিশ্চিত হওয়া একাধিক ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির সরকার যে বিক্ষোভ দমনে ক্রমশ কঠোর হচ্ছে তারও ইঙ্গিত মিলেছে। দেশটির বিস্তৃত অংশে ইন্টারনেট ব্ল্যাকআউট এখনো বহাল আছে।

ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ শনিবার বলেছেন, যেই বিক্ষোভে নামবেন তিনি ‘আল্লাহর শত্রু’ বলে গণ্য হবেন। দেশটিতে এমন অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। দুই সপ্তাহ আগে সরকারবিরোধী এ আন্দোলন শুরু হওয়ার পর এখন পর্যন্ত দেশটিতে কয়েক হাজার বিক্ষোভকারী আটক হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে গত দুই সপ্তাহের সরকারবিরোধী আন্দোলন ও বিক্ষোভে কমপক্ষে ১৯২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে নরওয়েভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা।

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো তেহরানের বৈধ নিশানায় পরিণত হবে বলে হুঁশিয়ার করেছে ইরান। আর বিক্ষোভ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সম্ভাবনার মধ্যে উচ্চ সতর্ক অবস্থায় আছে ইসরায়েল। খবর বিডিনিউজ ও বিভিন্ন সংবাদ সংস্থার।

লাগামহীন মূল্যস্ফীতির কারণে সৃষ্ট এ বিক্ষোভ এরই মধ্যে ইরানের প্রতিটি প্রদেশে দেখা গেছে; শতাধিক শহরে মিছিলের খবর মিলেছে। বিক্ষোভকারীরা এখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মোল্লাতন্ত্রের অবসান চাইছেন। খামেনি এ দাবি উড়িয়ে দিয়ে বিক্ষোভকারীদের একদল গোলমালকারী আখ্যা দিয়েছেন, যারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে চাইছে।

তিন বছর আগে ‘উইমেন, লাইফ, ফ্রিডম’ আন্দোলনের সময় ইন্টারনেটের ওপর যেমন বিধিনিষেধ ছিল, এবার তার চেয়েও কঠোর বিধিনিষেধ চলছে বলে জানিয়েছেন এক বিশেষজ্ঞ। এখন বাইরের বিশ্বের সঙ্গে ইরানিদের যোগাযোগের একমাত্র উপায় স্টারলিংক, কিন্তু সরকার এগুলোর উৎস চিহ্নিত করে ফেলতে পারে বিধায় বিক্ষোভকারীদের সতর্কভাবে সেগুলো ব্যবহার করতে হচ্ছে। বিবিসিসহ অনেক আন্তর্জাতিক গণমাধ্যম ইরানের ভেতর থেকে খবর সংগ্রহ করতে পারছে না, যে কারণে তথ্য সংগ্রহ এবং সেখান থেকে যেসব তথ্য আসছে সেগুলোর সত্যতা যাচাইও কঠিন হয়ে পড়ছে। তা সত্ত্বেও অনেক ভিডিও ফুটেজ মিলছে, বিবিসি দেশটির ভেতরে থাকা অনেকের সঙ্গে ফোনে কথাও বলতে পারছে। তেমনই এক ভিডিওতে শনিবার রাতে বিক্ষোভকারীদের তেহরানের ঘিশা জেলার বিভিন্ন সড়কে দেখা গেছে। বিবিসি ভিডিওটির সত্যতা নিশ্চিত হতে পেরেছে।

একাধিক ভিডিওতে ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে ভাকিল আবেদ বুলভার্ডে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ছবিও এসেছে। এসব ভিডিওর সত্যতা যাচাই করেও নিশ্চিত হয়েছে বিবিসি। ভিডিওতে মুখোশ পরিহিত বিক্ষোভকারীদের ময়লার গাড়ি ও আগুনের পেছনে লুকাতে দেখা যাচ্ছে। দূরে সারিবদ্ধভাবে দাঁড়ানো রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বাসের মতো মনে হওয়া একটি গাড়িতে আগুন জ্বলছে।

একাধিক গুলির শব্দ ও থালাবাসনের আওয়াজ পাওয়া যাচ্ছে, সবুজ লেজারের আলো থেকে থেকে জ্বলছে। কাছাকাছি একটি পদচারী সেতুর ওপর একজনকে দেখা গেছে, যিনি একাধিক দিকে গুলি ছুড়ছেন বলে মনে হচ্ছে; কিছু লোকজন বুলভার্ডের ধারে একটি বেড়ার পেছনে লুকানোর চেষ্টা করছেন।

রাজধানী তেহরান থেকে আসা আরো কিছু ভিডিওর কথাও বলছে। এর মধ্যে একটিতে পশ্চিম তেহরানের পুনাক চত্বরে বিপুল সংখ্যক বিক্ষোভকারীকে দেখা গেছে। শোনা গেছে থালাবাসন পিটিয়ে করা শব্দের আওয়াজ। ভিডিওটির সত্যতা নিশ্চিত হয়েছে বিবিসি।

গত কয়েকদিন ধরে ইরানজুড়ে যে বিক্ষোভ চলছে পুনাক চত্বর তার অন্যতম কেন্দ্র। যাচাই করে নিশ্চিত হওয়া আরেকটি ভিডিও ক্লিপে উত্তরপূর্ব তেহরানের হেরাভি জেলায় একদল বিক্ষোভকারীকে মিছিল করে মোল্লাতন্ত্রের বিলুপ্তি চাইতে দেখা যাচ্ছে।

শনিবার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে আছে, যেমনটা সম্ভবত আগে কখনোই হয়নি। যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত। তিনি এ নিয়ে আর বিস্তারিত কিছু বলেননি। তবে মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সামরিক হামলা সংক্রান্ত বিকল্পের বিভিন্ন বিষয় নিয়ে তাকে জানানো হয়েছে।

নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল এই ব্রিফিংয়ের খবর দিয়েছে। একে প্রাথমিক আলোচনা আখ্যা দিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। অনামা এক কর্মকর্তা তাদেরকে এও বলেছেন, এখনই ইরানে হামলার তেমন সম্ভাবনা নেই।

হামলা হলে পাল্টা জবাব : যুক্তরাষ্ট্র হামলা চালালে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো তেহরানের বৈধ নিশানায় পরিণত হবে বলে হুঁশিয়ার করেছে ইরান। ইরানে বিক্ষোভে সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে ওয়াশিংটন হস্তক্ষেপ করতে পারে বলে নিয়মিতে আভাস দিয়ে যাচ্ছেন। সর্বশেষ শনিবার রাতেও তিনি লিখেছেন, ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে আছে, যেমনটা সম্ভবত আগে কখনোই হয়নি। যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত।

এর প্রতিক্রিয়ায় গতকাল ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ হামলা হলে পাল্টা জবাবের এ হুঁশিয়ারি দিলেন। এমন এক সময়ে কালিবাফের এ মন্তব্য এলো যখন ইরানে সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপ নিয়ে ইসরায়েল সতর্কাবস্থায় রয়েছে বলে খবর বেরিয়েছে।

রয়টার্স জানায়, তাদের সূত্রগুলো শনিবার ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত এক আলোচনায় উপস্থিত থাকলেও এ উচ্চ সতর্কাবস্থার মানে কী তা বিস্তারিতভাবে জানায়নি।

ইসরায়েলি একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইরানে সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে শনিবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ফোনালাপ হয়েছে। মার্কিন এক কর্মকর্তাও নেতানিয়াহুরুবিও আলোচনার খবর নিশ্চিত করেছেন। তবে তাদের মধ্যে কী নিয়ে কথা হয়েছে তা জানাননি তিনি।

ইরানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সম্ভাবনায় উচ্চ সতর্কাবস্থায় ইসরায়েল : ইরানে কয়েক বছরের মধ্যে ছড়িয়ে পড়া ব্যাপক বিক্ষোভ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সম্ভাবনার মধ্যে উচ্চ সতর্ক অবস্থায় আছে ইসরায়েল। এ বিষয়ে ধারণা আছে এমন তিনজন ইসরায়েলি সূত্র রয়টার্সকে এমনটি জানিয়েছেন।

এদিকে শনিবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া মন্তব্যে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইসকান্দার মোমেনি বলেন, ভাঙচুরের ঘটনা কমছে। তিনি সতর্ক করে বলেন, যারা প্রতিবাদকে ধ্বংস, বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে নিয়ে যাচ্ছে তারা জনগণের কণ্ঠস্বরকে শুনতে দিচ্ছে না। জাতীয় পুলিশ প্রধান আহমদরেজা রাদানের বরাতে রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, কর্তৃপক্ষ শনিবার রাতে বিক্ষোভকারীদের মধ্য থেকে গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেপ্তার করেছে। তবে কতজন বা কারা গ্রেপ্তার হয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানায়নি।

এদিকে বিক্ষোভ শুরুর পর থেকে দেশটিতে মাংসের দাম প্রায় দ্বিগুণ হয়েছে এবং কিছু দোকান খোলা থাকলেও অনেকগুলো বন্ধ রয়েছে। যেগুলো খোলা থাকে সেগুলোকে বিকাল ৪টা বা ৫টার মধ্যে বন্ধ করতে হয়। তখন নিরাপত্তা বাহিনী ব্যাপকভাবে মোতায়েন হয়।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি শুক্রবার এক ভাষণে বলেছেন, কয়েক লাখ শহীদের রক্তের বিনিময়ে ইসলামি প্রজাতন্ত্র ক্ষমতায় এসেছে। বিক্ষোভের মুখে তারা পিছু হটবেন না। যুক্তরাষ্ট্রের মদদে ইরানে বিক্ষোভ ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্টকে খুশি করার চেষ্টা করছে।

পূর্ববর্তী নিবন্ধইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা