ইরানে ট্রাম্পের যুদ্ধের লাগাম নিতে আনা প্রস্তাব সেনেটে আটকাল রিপাবলিকানরা

| শুক্রবার , ৬ মার্চ, ২০২৬ at ৬:৪৪ পূর্বাহ্ণ

ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধ চাপিয়ে দিয়েছেন তার লাগাম হাতে নিতে আনা একটি প্রস্তাব পদ্ধতিগত ভোটের পর্যায়েই খারিজ করে দিয়েছে মার্কিন কংগ্রেসের রিপাবলিকান নেতৃত্বাধীন উচ্চকক্ষ সেনেট। যুদ্ধের নিয়ন্ত্রণ কংগ্রেসের হাতে নিতে আনা এ প্রস্তাবটি বুধবার ৪৭৫২ ভোটে খারিজ হয়ে যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, আল জাজিরা। একজন বাদে রিপাবলিকানরা সবাই প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছেন, সঙ্গে পেয়েছেন এক ডেমোক্র্যাটকে। এর ফলে ট্রাম্পের সামরিক আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে আনার চেষ্টা যেমন ব্যর্থতায় পর্যবসিত হল, তেমনি রিপাবলিকান আইনপ্রণেতারাও যে ইরান যুদ্ধে প্রেসিডেন্টকেই সম্পূর্ণ সমর্থন দিচ্ছেন, তা স্পষ্ট হলো। খবর বিডিনিউজের।

পৃথক একটি প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ভোট হওয়ার কথা রয়েছে। তবে সেটিও সংখ্যাগরিষ্ঠতার বাধা টপকাতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। বুধবার সেনেটে সারাদিন ধরে ইরানে ট্রাম্পের সামরিক পদক্ষেপের অনুমোদন বা বন্ধে কংগ্রেসের ক্ষমতা প্রয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়েছে। নতুন এ ‘ওয়ার পাওয়ারস’ প্রস্তাবের সমর্থকরা বলছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে গিয়ে ট্রাম্প তার সাংবিধানিক এখতিয়ার অতিক্রম করেছেন। মার্কিন সংবিধানের ধারা ২ অনুযায়ী, প্রেসিডেন্ট কেবল তাৎক্ষণিক হুমকি মোকাবিলায় আত্মরক্ষার্থে হামলা চালানোর সুযোগ পান। না হলে একমাত্র কংগ্রেসেরই যুদ্ধ ঘোষণার এখতিয়ার থাকে। এ প্রসঙ্গ তুলে সেনেটর টিম কেইন বলেন, এমনকি গোপন ব্রিফিংয়েও ট্রাম্প প্রশাসন এমন কোনো প্রমাণ হাজির করতে পারেনি, যাতে মনে হচ্ছে ইরানের দিক থেকে হামলা হওয়ার তাৎক্ষণিক ঝুঁকি ছিল। ‘আপনি দাঁড়িয়ে বলে দিতে পারেন না যে এটা সীমিত আক্রমণ, যা যুদ্ধের পর্যায়ে পড়ে না। আপনি বলতে পারছেন না যে এটি একবারের হামলা এবং শেষ, কোনো সেনা ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে না। বলতে পারছেন না,’ বলেছেন কেইন।

রিপাবলিকানরা পাল্টা যুক্তিতে বলেছেন, ইরান ৪৭ বছর ধরে যে হুমকিধামকি দিয়ে যাচ্ছে, তাতেই প্রেসিডেন্টের সামরিক পদক্ষেপ ন্যায্যতা পায়। ‘সংবিধান কেবল প্রেসিডেন্টকে অধিকারই দেয়নি, বরঞ্চ এটি তার কর্তৃব্য, তিনি যুক্তরাষ্ট্রকে সুরক্ষিত রাখার শপথ নিয়েছেন,’ বলেছেন সেনেটর জেমস রিশ। গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধে তেহরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর ইরান ফের তার পারমাণবিক জ্বালানি পুনরুজ্জীবনের চেষ্টা চালাচ্ছিল বলেও অভিযোগ করেন এ রিপাবলিকান। ‘তারা দূর, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছিল এবং ১২ দিনের যুদ্ধে প্রায় ধ্বংস হয়ে যাওয়া পারমাণবিক কর্মসূচি পুনরায় চালুর চেষ্টা করছিল, এ কারণেই কমান্ডারইনচিফ হামলা চালানোর নির্দেশ দিয়েছেন,’ বলেছেন রিশ।

পূর্ববর্তী নিবন্ধখামেনির মৃত্যুতে ইরানি শাসনব্যবস্থা আপনা আপনি ভেঙে পড়বে না : শেষ শাহের স্ত্রী