ইরানের সর্বোচ্চ নেতা হলেন মোজতবা খামেনি

নতুন নেতৃত্বে পুতিনের সমর্থন সন্তুষ্ট নন ট্রাম্প মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে হামলা, দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান হরমুজ ও লোহিত সাগরে যুদ্ধজাহাজ পাঠাবে ফ্রান্স

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ৫:২৯ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া যুদ্ধের দশম দিনে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই দেশটি ইসরায়েল ও উপসাগরীয় কয়েকটি দেশের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইসরায়েলও ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর কথা জানিয়েছে।

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রইসরায়েলের হামলায় নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। এই ঘোষণার কিছু সময়ের মধ্যেই ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দেয়।

গতকাল সোমবার বাহরাইনের প্রধান তেল শোধনাগার বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানি (বাপ্‌েকা) কমপ্লেক্সে ইরানি হামলার পর সেখানে আগুন ধরে যায় এবং আকাশে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে তারা চুক্তি অনুযায়ী তেল সরবরাহের বাধ্যবাধকতা আপাতত পূরণ করতে পারছে না। রাজধানী মানামার কাছাকাছি এলাকায় ইরানের ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

মার্কিনইসরায়েলি হামলায় ইরানে ১২৫৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির উপস্বাস্থ্য মন্ত্রী আলি জাফারিয়ন। তিনি জানিয়েছেন, এসময়ে ১২ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এছাড়া, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, লেবাননে ২ মার্চ থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ তীব্র হওয়ার পর থেকে অন্তত ৮৩ জন শিশু নিহত এবং ২৫৪ জন আহত হয়েছে। লেবাননজুড়ে দুই লাখ শিশুসহ প্রায় ৭ লাখ মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এর সঙ্গে আগের উত্তেজনার সময় বাস্তুচ্যুত হওয়া আরও হাজার হাজার মানুষ রয়েছে। লেবাননের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে ফ্রান্স।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সৌদি আরবের এক মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা চলাকালে আহত আরেক মার্কিন সেনার মৃত্যু হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে তেহরানের পাল্টা আক্রমণে এ নিয়ে মোট সাতজন মার্কিন সেনার মৃত্যু হলো। গতকাল ইসরায়েলের কেন্দ্রস্থলের একটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। ইসরায়েলে গত সপ্তাহ থেকে ইরানি হামলায় অন্তত ১৪ জন নিহত ও ১৯২৯ জন আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

গতকাল ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিল বিমানবন্দরের কাছের একটি মার্কিন সামরিক ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা চালায় ইরান। এছাড়া ইরান থেকে তুরস্ক লক্ষ্য করে ছোঁড়া ক্ষেপণাস্ত্র নিস্ক্রিয় করা হয়েছে বলে দাবি করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা সামরিক জোট ন্যাটোর প্রতিরক্ষাব্যবস্থা ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ‘নিষ্ক্রিয়’ করেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, তার দেশে তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানের ওপর হামলা চালায়নি। হামলার এই খবরগুলোকে সাজানো বা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ যুদ্ধের জন্য ইরান প্রস্তুত বলে সতর্ক করেছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা কামাল খারাজি। সেইসঙ্গে উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি, যাতে দেশগুলো চাপে পড়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে সংঘাত থেকে সরে যেতে রাজি করায়। তেহরানে সিএনএনকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা কামাল খারাজি একথা বলেন। তিনি আপাতত কূটনৈতিক পন্থা নেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, এই যুদ্ধের অবসান কেবল অর্থনৈতিক চাপ বা আঘাতের মাধ্যমেই সম্ভব।

গত ৭২ ঘণ্টায় যুক্তরাজ্যের গ্লস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে বিমান চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে তাদের কিছু ভারী বোমারু বিমান মোতায়েন করেছে। গতকাল সকালে তিনটি বি৫২ বোমারু বিমান সেখানে অবতরণ করেছে। মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাতের সময় যুক্তরাজ্যে প্রথমবারের মতো বি৫২ দেখা গেল। ১৯৫০এর দশকে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে যুক্ত হওয়া এই বোমারু বিমানগুলো ভিয়েতনাম থেকে আফগানিস্তান পর্যন্ত বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত হয়েছে। কিছু বি৫২ যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডের অংশ, যার অর্থ এগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে।

মধ্যপ্রাচ্যের মিত্রদের ‘প্রতিরক্ষামূলক’ সহায়তার অংশ হিসেবে হরমুজ প্রণালিতে যুদ্ধবিমানবাহী রণতরীসহ বেশ কিছু নৌযান মোতায়েনের পরিকল্পনা করেছে ফ্রান্স। গত সপ্তাহে সাইপ্রাসে ড্রোন হামলার প্রসঙ্গ তুলে ধরে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বলেছেন, যখন সাইপ্রাস আক্রান্ত হয়, তখন ইউরোপ আক্রান্ত হয়। মাক্রোঁ জানান, তারা এই অঞ্চলে মোট আটটি যুদ্ধজাহাজ, একটি বিমানবাহী রণতরী এবং দুটি হেলিকপ্টারবাহী রণতরী মোতায়েন করবে। শেষ পর্যন্ত বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দিতে এসব সামরিক যান হরমুজ প্রণালিতেও পাঠানো হতে পারে বলে আভাস দেন ফরাসি প্রেসিডেন্ট। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের নৌমিশনের অংশ হিসেবে লোহিত সাগরেও ফ্রান্স দুটি যুদ্ধজাহাজ পাঠাবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাক্রোঁ। সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস খ্রিস্টোদুলিদেস ও গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

এদিকে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইরানের ছোড়া ড্রোন প্রতিহত করার উপায় জানতে ইউক্রেনের কাছে সহায়তা চেয়েছে বিশ্বের অন্তত ১১টি দেশ। গতকাল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ইতোমধ্যে জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে ইরানের ড্রোন হামলা থেকে রক্ষা করতে ড্রোন ইন্টারসেপ্টর এবং ড্রোন বিশেষজ্ঞ দল পাঠিয়েছে ইউক্রেইন। মধ্যপ্রাচ্যে আকাশপথে ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জানানো অনুরোধের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে কিইভ।

নতুন নেতাকে সমর্থন : গতকাল ইরানে সরকার সমর্থকেরা দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগ উদযাপন করতে তেহরানের রাস্তায় নেমেছেন। গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল সকালে তেহরানের একটি কেন্দ্রীয় চত্বরে মানুষ জড়ো হয়ে নতুন নেতার প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। সেখানে অনেকে প্রকাশ্যে মোজতবা খামেনির নিয়োগকে উদযাপন করলেও অনেকে আবার বলেছেন, তিনি ‘তার বাবার চেয়েও খারাপ’ এবং ‘তার পরিণতিও যেন তার বাবার মতোই হয়’, এমনটাও অনেকে আশা করেছেন।

এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। পুতিন বলেন, তিনি আত্মবিশ্বাসী যেমোজতবা খামেনি তার বাবার কাজ ‘মর্যাদার সঙ্গে’ এগিয়ে নিয়ে যাবেন এবং ‘কঠিন পরিস্থিতির মুখে’ ইরানি জনগণকে ঐক্যবদ্ধ রাখবেন। এ সময় রুশ প্রেসিডেন্ট তেহরানের প্রতি রাশিয়ার ‘অবিচল সমর্থন’ এবং ‘ইরানি বন্ধুদের সঙ্গে সংহতির’ বিষয়টি পুনর্ব্যক্ত করেন। এছাড়া মুজতাবাকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা দেওয়াকে ‘সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়’ বলে বর্ণনা করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, এটি ইরানের সংবিধানের ভিত্তিতে তাদের নিজেদের নেওয়া একটি সিদ্ধান্ত। তবে মোজতবা খামেনির নিয়োগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সন্তুষ্ট নন’ বলে জানিয়েছেন। ট্রাম্পের বরাত দিয়ে ফঙ নিউজের এক অনুষ্ঠানে এ কথা বলা হয়।

১৯৮৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের নেতা ও ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছিলেন আলি খামেনি। এরপর থেকে ৩৭ বছর ধরে তিনি ইরানের নেতৃত্ব দেন। গত রোববার তেহরান সময় মধ্যরাতের ঠিক পরেই ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এঙপার্টস) আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনিকে ইসলামি বিপ্লবের তৃতীয় নেতা হিসেবে নির্বাচিত করে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম লায়ন্স চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে র‌্যালি
পরবর্তী নিবন্ধবাবাকে ইমোতে বার্তা পাঠানোর পর গৃহবধূর মৃত্যু