কিউবায় শাসনব্যবস্থা বদলানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রশাসন ইরানে যুদ্ধ শেষ করার পরই কমিউনিস্ট পার্টি–শাসিত দেশটির ব্যাপারে ব্যবস্থা নেবে। ফুটবল দল ইন্টার মিয়ামির হোয়াইট হাউস সফরের সময় ট্রাম্প তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কিউবা নিয়ে ‘অসাধারণ কাজ’ করায় ধন্যবাদও দিয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। খবর বিডিনিউজের।
কিউবার দুর্বল অর্থনীতিকে আরও চেপে ধরতে ট্রাম্প প্রশাসন এরই মধ্যে কিউবার ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করেছে। কিউবায় যা হচ্ছে চমৎকার। আমরা মনে করছি, আগে আমরা প্রথমে এটা (ইরান) শেষ করি। এরপর সেটা সময়ের ব্যাপার হবে, বলেছেন তিনি। ফ্লোরিডা থেকে সমুদ্রপথে দেড়শরও কম কিলোমিটার দূরে অবস্থিত কিউবার শাসনব্যবস্থা পরিবর্তনে ট্রাম্প ও তার মিত্ররা গত কয়েকমাস ধরে নিয়মিতই হুমকি ধামকি দিয়ে আসছেন।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার নিজ দেশ থেকে অপহরণের পর মার্কিন এ প্রেসিডেন্ট জানান, তিনি হাভানার তেল পাওয়ার সব উপায় বন্ধ করে দিতে যাচ্ছেন। কয়েক দশকব্যাপী মার্কিন নিষেধাজ্ঞার কারণে তীব্র অর্থনৈতিক সঙ্কটে থাকা কিউবা ভেনেজুয়েলার তেলের ওপর অনেকখানি নির্ভরশীল ছিল। ট্রাম্প তার আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিশ্বব্যাপী একের পর এক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছেন। লাতিন আমেরিকাতেও তার সামরিক উপস্থিতি সেখানকার দেশগুলোর ভেতর ভয় ধরাচ্ছে। ট্রাম্প এর আগে বলেছিলেন, নিকট ভবিষ্যতে ‘কিউবা পতনের জন্য প্রস্তুত’ বলেই মনে হচ্ছে।












