ঈদ আয়োজনে তৃতীয়বারের মতো পর্দায় ফিরছে সংগীতবিচিত্রা ‘ইমরান–শো : বকুল ও চন্দনে, গানের বন্ধনে’। কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলের উপস্থাপনায় সাজানো এবারের আয়োজনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি কবির বকুলের লেখা এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী চন্দন সিনহার কণ্ঠে সাতটি গান পরিবেশিত হবে। প্রেম, বেদনা ও সম্পর্কের নানা অনুভূতিকে ঘিরে গানগুলো সাজানো হয়েছে।
এবারের বিশেষত্ব, চন্দন সিনহার কণ্ঠে থাকছে তিনটি নতুন গান। পাশাপাশি তাঁর গাওয়া দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও আতিয়া আনিসা। চন্দনের গাওয়া একটি গান নতুনভাবে পরিবেশন করেছেন সানিয়া সুলতানা লিজা। উপস্থাপনার পাশাপাশি ইমরান মাহমুদুল দর্শক উপস্থিতিতে গেয়েছেন চন্দনের জনপ্রিয় গান ‘আমি নিঃস্ব হয়ে যাব’। চন্দন সিনহা জানান, এবারের পর্বে চমক হিসেবে থাকছে কবির বকুলের কণ্ঠেও তাঁর একটি গান। গীতিকবি হিসেবে পরিচিত বকুলের কণ্ঠে গান পরিবেশন অনুষ্ঠানটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। প্রথমবারের মতো এ আয়োজনে রাখা হয়েছে দর্শক উপস্থিতি। গানের ফাঁকে কথোপকথনে অংশ নেবেন অভিনেতা মুকিত জাকারিয়া, নির্মাতা চয়নিকা চৌধুরী ও গীতিকবি লিটন অধিকারী রিন্টু।
ইমরান মাহমুদুল জানান, দর্শকদের ভালোবাসা তাঁকে তৃতীয়বারের মতো এই আয়োজনের সঙ্গে যুক্ত করেছে। এই বিশেষ পর্ব এবারও প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায়। ‘ইমরান–শো : বকুল ও চন্দনে, গানের বন্ধনে’–এর গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনা করেছেন কবির বকুল। প্রেস বিজ্ঞপ্তি।











