ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব ওয়াসিম-ওয়াকাররা

| সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট কিংবদন্তি ইমরান খানের স্বাস্থ্যের মারাত্মক অবনতি হওয়ায় তাকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। প্রায় দুই বছরের কাছাকাছি সময় ধরে কারান্তরীণ ৭৩ বছর বয়সী এই নেতার ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। শনিবার পাকিস্তান সরকারের মন্ত্রী তারিক ফজল চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স(সাবেক টুইটার) জানান, ‘ইমরান খানের স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাকে হাসপাতালে স্থানান্তর এবং একটি মেডিকেল বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ মূলত ইমরান খানের সুচিকিৎসার দাবিতে পার্লামেন্ট হাউসে বিরোধী দলগুলোর টানা দ্বিতীয় দিনের অবস্থান ধর্মঘট ও তীব্র চাপের মুখে সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। ইমরান খানের আইনি দল দাবি করেছে, দীর্ঘ সময় নির্জন কারাবাসে থাকায় এবং যথাযথ চিকিৎসার অভাবে তার চোখে মারাত্মক ইনফেকশন ছড়িয়ে পড়েছে, যার ফলে তিনি দৃষ্টিশক্তি হারাতে বসেছেন। যদিও সরকারের পক্ষ থেকে অবহেলার এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ইমরান খানের এমন সংকটময় মুহূর্তে রাজনৈতিক বিভেদ ভুলে সরব হয়েছেন বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিরা। ইমরান খানের হাত ধরে ক্রিকেটে আসা ‘সুলতান অব সুইং’ ওয়াসিম আকরাম এক আবেগঘন বার্তায় বলেন, ‘আমাদের অধিনায়কের অসুস্থতার খবরটি হৃদয়বিদারক। আমি আশা করি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে এবং তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করবে।’ আরেক কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস লিখেছেন, ‘রাজনীতি সরিয়ে রেখে ভাবুন, আমাদের জাতীয় নায়ক যিনি আমাদের খেলাধুলার শ্রেষ্ঠ গৌরব এনে দিয়েছেন, যার ক্যানসার হাসপাতালে আমার মাসহ অসংখ্য মানুষ সেবা পেয়েছেন, তিনি আজ সংকটে। দ্রুত তার সুচিকিৎসা প্রয়োজন।’ রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস শোয়েব আখতার গভীর শোক প্রকাশ করে বলেন, ‘তার দৃষ্টিশক্তি হারানোর খবর শুনে আমি মর্মাহত। তার দ্রুত আরোগ্য কামনা করছি।’ এছাড়া শহীদ আফ্রিদি চিকিৎসার সুযোগ পাওয়াকে ‘মৌলিক অধিকার’ হিসেবে উল্লেখ করেছেন। ১৯৯২ বিশ্বকাপ জয়ের উইনিং ক্যাচ ধরা রমিজ রাজাও বিষয়টিকে ‘আবেগের চরম বিপর্যয়’ বলে অভিহিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধ২৯ গোল করে নারী ফুটবল লিগেও টপ স্কোরার আলপি
পরবর্তী নিবন্ধচরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা