কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের প্রতি মানবিক ও ন্যায়সঙ্গত আচরণের আহ্বান জানিয়েছেন বিশ্বের বেশ কয়েকটি দেশের ১৪জন কিংবদন্তি সাবেক ক্রিকেট অধিনায়ক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উদ্দেশে পাঠানো এই আবেদনে বলা হয়েছে, এটি কোনো রাজনৈতিক অবস্থান থেকে নয়; বরং খেলোয়াড়সুলভ মানসিকতা ও মানবিক দায়বদ্ধতা থেকেই করা হয়েছে। সাবেক অধিনায়কদের যৌথ বিবৃতিতে বলা হয়, ইমরান খান বিশ্ব ক্রিকেটের একজন কিংবদন্তি, যিনি ১৯৯২ সালে পাকিস্তানকে ঐতিহাসিক বিশ্বকাপ জিতিয়েছিলেন। তার নেতৃত্ব, দক্ষতা ও খেলোয়াড়সুলভ মনোভাব প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ক্রিকেটের বাইরে তিনি পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক মতপার্থক্য যাই থাকুক না কেন, তার মর্যাদা অনুযায়ী সম্মান ও মানবিক আচরণ পাওয়ার অধিকার রয়েছে।
এই আবেদনে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন মাইকেল আথারটন, অ্যালান বর্ডার, মাইকেল ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, সুনিল গাভাস্কার, ডেভিড গাওয়ার, কিম হিউজ, নাসের হুসেইন, স্যার ক্লাইভ লয়েড, কপিল দেব, স্টিভ ওয়াহ ও জন রাইট।











