ইমরানের মুক্তির দাবিতে কান্নায় ভেঙে পড়লেন জাভেদ মিয়াঁদাদ

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৩০ আগস্ট, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

কারাবন্দি পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি জানাতে গিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না জাভেদ মিয়াঁদাদ। সাবেক সতীর্থকে একজন সৎ মানুষ দাবি করে কান্নায় ভেঙে পড়লেন দেশটির বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ক্রিকেটার। ইমরানের স্বাস্থ্য ও কারাগারে তার সঙ্গে আচরণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ার মধ্যেই মিয়াঁদাদ মন্তব্য করেন। ‘ন্যারেটিভ’ ইউটিউব চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে কান্নাভেজা চোখে মিয়াঁদাদ বলেন, ইমরানকে তিনি এত ভালোভাবে চেনেন যে, দেশের সর্বকালের সেরা অধিনায়কের সততা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই তার। ‘তিনি একজন সৎ মানুষ। দুর্নীতির সঙ্গে জড়িত নন। তা না হলে তিনি অনেক কিছুই করতে পারতেন। তাকে মুক্তি দিলে কী হবে? তিনি কি কাউকে খেয়ে ফেলবেন বা কারও ক্ষতি করবেন? তিনিও কারও সন্তান। আমি সব সময় ভাবি, তিনি সেখানে কী করছেন।’ পাকিস্তান জাতীয় দল ও কাউন্টি ক্রিকেটে ইমরানের সঙ্গে বছরের পর বছর খেলার অভিজ্ঞতা আছে মিয়াঁদাদের। ইমরানকে খুব কাছ থেকে দেখার কারণেই, এই বিশ্বাস তৈরি হয়েছে তাঁর। সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন ইমরান এখনও কেন কারাগারে, সেটা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে বসে বিষয়টির সমাধান খুঁজে বের করার আহ্বান জানান মিয়াদাঁদ। ইমরানের সঙ্গে দ্বন্দ্ব থাকার কথা অস্বীকার করেন মিয়াঁদাদ। খেলার সময় ও পরবর্তী সময়ে পাকিস্তান ক্রিকেট নিয়ে তাঁদের মধ্যে মতবিরোধ হয়েছিল। তবে মিয়াঁদাদ বলেন, দেশের হয়ে খেলার সময় তাঁদের লক্ষ্য সব সময়ই এক ছিল। ইমরানের সঙ্গে সম্পর্ক নিয়ে মিয়াঁদাদ পরিষ্কার করে বলেন, ‘আমাদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না।’

পূর্ববর্তী নিবন্ধসেমিফাইনালে আজ ভিক্টোরিয়ার মুখোমুখি বাংলাদেশ এইচপি দল
পরবর্তী নিবন্ধবেইজ বিলিয়ার্ডসে ওপেন এইট বল পুল টুর্নামেন্ট সম্পন্ন