ইফতার আর করা হলো না শাকিবের

সীতাকুণ্ডে কাভার্ডভ্যান ধাক্কায় যুবক নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ মার্চ, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

ইফতার করতে আর পারেননি যুবক যুবক মো. তানভির আলম শাকিব (২৫)। ইফতারের কিছুক্ষণ আগেই না ফেরার দেশে চলে যেতে হয়েছে তাকে। বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান তাকে সজোরে ধাক্কা দিলে তার মৃত্যু হয়। নিহত শাকিব সীতাকুণ্ড পৌরসভাস্থ মধ্যম মহাদেবপুর ভূঁইয়া পাড়া গ্রামের নুর আহমেদের ছেলে। গত রবিবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার ফৌজদারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ঢাকাচট্টগ্রাম মহসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে একটি ভ্যানভর্তী কাপড় নিয়ে বিক্রির উদ্দেশ্যে ক্রেতার জন্য অপেক্ষা করছিল যুবক শাকিব। এ সময় চট্টগ্রামমুখী লেনের উপর বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যান তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে বার আউলিয়া হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে তার মৃত্যু ঘটে।

নিহতের বোন তানিয়া আক্তার ভূঁইয়া জানান, ঈদকে সামনে রেখে তার ভাই প্রতিদিনের মত ভ্যানে করে কাপড় বিক্রি করতে যান ফৌজদারহাট এলাকায়। রোজা ছিলেন তিনি। কিন্তু ঘাতক চালক তার ভাইকে ইফতারটা করতে দিল না। তিনি বলেন, আমরা ৩ বোন ও দুই ভাই। শাকিবের উপার্জনের টাকায় আমাদের সংসার চলতো। সামনে একটি ঈদ, কিন্তু সব আনন্দ চোখের পলকেই শেষ হয়ে গেছে আমাদের পরিবারের।

বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জসিম বলেন, এ ঘটনায় কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘আত্মশুদ্ধির নিয়ামত হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বতে’
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু