ইনডোর মেলা বন্ধে আর্থিক সংকটে তিনশ’ নারী উদ্যোক্তা

| রবিবার , ১ মার্চ, ২০২৬ at ৩:০০ অপরাহ্ণ

চট্টগ্রামে ইনডোর মেলার অনুমতি না পাওয়ায় প্রায় তিনশ’ নারী উদ্যোক্তা বিপাকে পড়েছেন। আট বছর ধরে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসা এই মেলা বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন আয়োজকেরা।

গত রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন। লিখিত বক্তব্য পাঠ করেন উদ্যোক্তা দিলরুবা বেগম।

সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচনকালীন নিষেধাজ্ঞা মেনে তারা মেলার আয়োজন স্থগিত রেখেছিলেন। তবে নির্বাচন শেষ হওয়ার পরও অনুমতি না দেওয়ায় তাঁরা বিস্মিত ও ক্ষুব্ধ। তাদের দাবি, একই সময়ে অন্য আয়োজকদের দুটি মেলার অনুমতি দেওয়া হয়েছে—আগামী ৫, ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিতব্য ওই দুটি মেলার অনুমোদন মিললেও তাদের আবেদন কেন নাকচ করা হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চান তারা।

এই উদ্যোক্তা আরও বলেন, প্রস্তুতি সম্পন্ন করার পর শেষ মুহূর্তে অনুমতি না পাওয়ায় তাদের আয়োজন বাতিল করতে হয়েছে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিকল্পনাও ভেস্তে গেছে।

উদ্যোক্তাদের অভিযোগ, এই বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে একাধিকবার আবেদন করেও তারা সাক্ষাতের সুযোগ পাননি। এমনকি তাঁর সাথে শুধুমাত্র একটু কথার বলারও সুযোগ মেলেনি।

উদ্যোক্তারা বলেন, মেলা দেশের দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ। এটি সংস্কৃতি, অর্থনীতি ও সামাজিক বন্ধনের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে উৎসব, পার্বণ ও বিশেষ দিবস উপলক্ষে নারী উদ্যোক্তারা নিয়মিত ইনডোর মেলার আয়োজন করে আসছেন। এসব মেলায় দেশীয় ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন ও বিক্রির পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কার্যকর বিপণন প্ল্যাটফর্ম তৈরি হয়। তারা অবিলম্বে ইনডোর মেলার অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

সম্মেলনে উপস্থিত ছিলেন, সামিয়া রহমান, অষ্মিতা রহমান, নাভিলা বিনতে নাসির, তানজিনা সুলতানা, জান্নাত ইসলাম, তানিয়া লোপা, উম্মে আতিয়া, মাহিয়া মাহি, ইঞ্জিয়ার সাহা সুমনা রেবা ও সাইয়েদা তামান্না প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নির্মাণাধীন ভবনে মাচা ভেঙে দুই শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজন গ্রেপ্তার