ইনডোর ইউনি ক্রিকেটে সাউদার্ন ইউনিভার্সিটির টানা দ্বিতীয় জয়

| মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:১৭ পূর্বাহ্ণ

দুর্দান্ত এক জয়ের মাধ্যমে ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্টে শুভসূচনা করেছিল চট্টগ্রামের একমাত্র প্রতিনিধি সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। নিজেদের প্রথম গ্রুপ লিগ ম্যাচে তারা ১০৩ রানের বিশাল ব্যবধানে ইউনিভার্সিটি অফ স্কলারকে পরাজিত করে। ঢাকার মিরপুরস্থ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় গ্রুপ লিগ ম্যাচে আরো দুর্দান্ত খেলেছে সাউদার্ন। গতকাল সাউদার্ন ইউনিভার্সিটি ১৪০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে প্রাইম ইউনিভার্সিটিকে। এ ম্যাচেও টসে হেরে আগে ব্যাট করে সাউদার্ন ইউনিভার্সিটি। নির্ধারিত সাত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে সজিব ৪০, জাহিদ সৈকত ৩৭, রতন দাস ৩২, মাহবুব ১৫ ও রুমি ১২ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে রতন, তৌহিদ ও ইমনের বোলিং তোপে মাত্র ১৭ রানে গুটিয়ে যায় প্রাইম ইউনিভার্সিটি। এটি ক্লেমন টুর্নামেন্ট ইতিহাসের সর্বনিম্ন স্কোর। সাউদার্ন ইউনিভার্সিটির পক্ষে অধিনায়ক রতন দাস ৪টি, তৌহিদ ২টি এবং ইমন ১টি উইকেট দখল করেন। অসাধারণ অলরাউন্ড নৈপুণ্যের সুবাধে সাউদার্ন ইউনিভারসিটির রতন দাস টানা দ্বিতীয় খেলাতেও ম্যাচসেরার পুরস্কার লাভ করেন। ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে এ নিয়ে তিনি ১৫ বারের মত ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার লাভ করলেন। রতনের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রিকেটার, সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী ইয়াসির আলী চৌধুরী (রাব্বি)। সাউদার্ন ইউনিভারসিটি নিজেদের পরের ম্যাচে আজ মঙ্গলবার সকাল ১১টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হবে। মর্যাদাপূর্ণ ক্লেমন ইউনি ক্রিকেটে টানা দুই বিজয়ে খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন ভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান।

পূর্ববর্তী নিবন্ধসরফভাটায় ফুটবল টুর্নামেন্টে পূর্ব সরফভাটা একাদশ চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধসাঁতারে দলগত চ্যাম্পিয়ন চট্টগ্রাম