ইতালিকে বিদায় করে অপরাজিত ওয়েস্ট ইন্ডিজ শেষ আটে

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:২৬ পূর্বাহ্ণ

কলকাতার ইডেন গার্ডেন্সে ইতালিকে ৪২ রানে হারিয়ে গ্রুপ পর্বের চারটি ম্যাচেই জয় তুলে নিল তারা। অন্যদিকে, প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা ইতালির যাত্রা শেষ হলো হার দিয়ে। গতকাল বৃহস্পতিবার ম্যাচের শুরুতেই ইতালির বোলাররা চমক দেখিয়েছিলেন। পাওয়ার প্লের মধ্যেই ইনফর্মে থাকা ব্র্যান্ডন কিং ও শিমরন হেটমায়ারকে ফিরিয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলে দেয় বেন মানেন্টির দল। তবে বিপর্যয়ে হাল ধরেন অধিনায়ক শাই হোপ। একদিকে উইকেট পড়লেও অন্যপ্রান্তে ধীরস্থিরভাবে ব্যাটিং করে দলকে লড়াকু পুঁজি এনে দেন তিনি। হোপের দুর্দান্ত ৪৬ বলে ৭৫ রানের ওপর ভর করে নির্ধারিত ওভারে ১৬৫ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ইতালির ক্রিশান কালুগামাগে ২৫ রানে ২ উইকেট নিয়ে নজর কাড়েন। ১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা আগ্রাসী করেছিল ইতালি। দুই মস্কো ভাই মিলে দ্রুত রান তোলার চেষ্টা করলেও ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণের সামনে তা বেশিক্ষণ টেকেনি। ম্যাথিউ ফোর্ড ও শামার জোসেফের বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইতালির ব্যাটিং লাইনআপ।

ফোর্ড ১৯ রানে ৩ উইকেট এবং শামার জোসেফ ৩০ রানে ৪ উইকেট নিয়ে ইতালির ইনিংস গুঁড়িয়ে দেন। শেষ পর্যন্ত ১৮তম ওভারেই অলআউট হয়ে যায় ইতালি। এই জয়ের ফলে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে সুপার এইটে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে, বিদায় নিলেও নিজেদের প্রথম বিশ্বকাপে লড়াকু মানসিকতার ছাপ রেখে গেল ইতালি।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটি সিএসই’র ক্রিকেট ফেস্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধশ্রীলঙ্কাকে হারিয়ে অপরাজিত থেকে শীর্ষে জিম্বাবুয়ে