শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাহিত্য–সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন প্রফেসরিয়াল ফেলো ও ইডিইউর বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিদ্দিক আহমেদ চৌধুরী। সভায় বক্তারা মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে নতুন প্রজন্মকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে ইডিইউ লিটারারি ক্লাবের আয়োজনে রচনা ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











