বাঁশখালী–সাতকানিয়া সীমান্তে ইটভাটার পাশে শ্রমিকের ঘরে আগুনে পুড়ে ভাই–বোনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকালে লটমনি পাহাড়ি এলাকায় জেএমবি ব্রিকসের শ্রমিকদের অস্থায়ী বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরের ভেতরে থাকা জাহেদা আক্তার (১৪) ও আব্দুল মালেক (৩) আগুনে পুড়ে মারা যায়।
তারা লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. হাসান ও হালিমা আক্তারের সন্তান। তাদের বাবা–মা উভয়েই ওই ইটভাটার শ্রমিক। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হালদার বলেন, বাঁশখালী–সাতকানিয়া সীমান্তবর্তী সাধনপুর ইউনিয়নের লটমনি এলাকায় আগুনে পুড়ে ভাই–বোনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে এবং লাশ উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।












