ইচ্ছেগুলো কেমন কেমন

কাজী জাহাঙ্গীর | বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৪৮ পূর্বাহ্ণ

রঙ বেরঙের ডানায় মোড়া প্রজাপতির ভিড়ে

ইচ্ছে করে যাইনা উড়ে

সকল বাঁধন ছিড়ে ফুড়ে

ছড়িয়ে দিয়ে মনের লাগাম উতল হাওয়ার তীরে।

বে নি আ স হ ক লা’র সাথে আকাশ রঙে মিশে

দুর গগনে যেতাম ভেসে

শস্য সবুজ পাতায় হেসে

কিংবা আমি মিলিয়ে যেতাম পাকা ধানের শীষে।

এক পাখাতে আকাশ মেখে ঐ দিগন্ত রেখায়

আরেক পাকায় নিচের কোণে

সবুজ পাতার বুনন বুনে

চুপটি করে লুকিয়ে হতাম আঁকা ছবির দেখায়।

মেঘের জলের ধুসর রঙে মাখিয়ে গুমোট ভাব

বাতাস হ্রদে উজান বেয়ে

বহুরূপীর আকার ছেয়ে

কাটা ঘুড়ির মতই ঝুলে নিতাম বায়ুর চাপ।

প্রজাপতি যেমনি আবার উড়ান পালা শেষে

আসতো ফিরে গুল্ম শাখায়

দম নিতে ঐ শ্রান্ত পাখায়

তেমনি ঘুরে চোখ জুড়াতাম সারা বাংলাদেশে

পূর্ববর্তী নিবন্ধদিবারাত্রির সন্ধি
পরবর্তী নিবন্ধপাহাড় ছুঁতে যাবো আমি