ইকরার দাফন, শেষ বিদায়েও আসেননি স্বামী জাহের আলভী

| সোমবার , ২ মার্চ, ২০২৬ at ১২:০২ অপরাহ্ণ

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরার মরদেহ গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায় নেওয়া হয়। গতকাল রোববার বিকেল ৫টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, শেষ বিদায়েও উপস্থিত ছিলেন না তার স্বামী জাহের আলভী। খবর বাংলানিউজের।

জানা গেছে, নেপাল থেকে আলভীর ফিরে আসার অপেক্ষায়ই বিকেল ৫টায় জানাজার সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে দাফন সম্পন্ন হয়ে গেলেও তিনি উপস্থিত হননি। এদিকে ইকরার মৃত্যুর ঘটনায় তার স্বামী জাহের আলভী, অভিনেত্রী ইফফাত আরা তিথি এবং আলভীর পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা করেছেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলমগীর জাহান জানান, অভিযোগটি গ্রহণ করে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তিনি বলেন, মামলায় শুধু আলভী নয়, তার পরিবারের আরো কয়েকজনের নাম রয়েছে। এর মধ্যে অভিনেতার মাকেও আসামি করা হয়েছে।

তিনি আরো জানান, ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যেই প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে স্বামীর পরকীয়া ও অমানুষিক নির্যাতনের অভিযোগ সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইকরার ব্যক্তিগত চ্যাট ফাঁস হয়। এর পর থেকেই বিষয়টি ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী ও ইকরা। তাদের সংসারে রিজিক নামের এক পুত্রসন্তান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঈদের নাটক ‘হ্যাপি ডিভোর্স’
পরবর্তী নিবন্ধভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হাজারো মানুষের বিক্ষোভ