ইউসেপ বাংলাদেশ ‘থ্যাংকস টু ডেভেলপমেন্ট পার্টনার’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশের মানসম্পন্ন শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য উন্নয়ন সহযোগীদের সম্মানে গতকাল বৃহস্পতিবার এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশন, অস্ট্রেলিয়ান হাইকমিশন, মালদ্বীপ হাইকমিশন, বিশ্বব্যাংক, ইউএসএআইডি, আইএলও এবং বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন পারভীন মাহমুদ এফসিএ।
স্বাগত বক্তব্যে ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. আবদুল করিম উন্নয়ন সহযোগীদের উদার ও সদয় সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশেষ অতিথি কেট স্যাংস্টার, ডেভেলপমেন্ট কো-অপারেশন, অস্ট্রেলিয়ান হাইকমিশন বাংলাদেশের প্রধান উল্লেখ করেন, ইউসেপ বাংলাদেশ সুবিধাবঞ্চিত শিশু ও যুবাদের তাদের জীবনের লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করছে, যা বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে অবদান রাখছে। ১৯৭২ সাল থেকে সুবিধা বঞ্চিত শিশু ও কিশোরদের মধ্যে সাধারণ ও কারিগরি শিক্ষার প্রসারে অসামান্য অবদানের জন্য ব্রিটিশ হাইকমিশন হিউম্যান ডেভেলপমেন্ট টিমের লিডার ফাহমিদা শবনম ইউসেপ বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে ইউসেপ বাংলাদেশের পক্ষ থেকে এই সব উন্নয়ন সহযোগীদের অসাধারণ অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়।
ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন পারভীন মাহমুদ বলেন, বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের কারিগরি শিক্ষার মাধ্যমে আলোকিত করতে এবং তাদের জন্য শোভন কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য ইউসেপ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়ন সহযোগীদের হস্তক্ষেপ ছাড়া এগুলো সম্ভব ছিল না। আগামী বছরগুলিতে আপনাদের সহযোগীতার হাত অব্যাহত থাকবে বলে আশা করছি। প্রেস বিজ্ঞপ্তি।









