নবনিযুক্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন পোর্ট সিটি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। গত ৫ এপ্রিল সাক্ষাতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নবনিযুক্ত চেয়ারম্যানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তিনি দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ইউজিসি এর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।
অধ্যাপক ড. মামুন আহমেদ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে মানসম্মত শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করতে কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজের অগ্রগতি, একাডেমিক, এবং নন–একাডেমিক প্রোগ্রাম, গবেষণা উদ্যোগ সহ অন্যান্য বিভিন্ন বিষয়ের একটি সংক্ষিপ্ত প্রতিবেদন পেশ করেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয়পক্ষ দেশের উচ্চশিক্ষা খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।














