ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

খারকিভে শিশুসহ নিহত ১০

| রবিবার , ৮ মার্চ, ২০২৬ at ৯:১৬ পূর্বাহ্ণ

ইউক্রেনজুড়ে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় শহর খারকিভে দুই শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে ইউক্রেইনীয় কর্মকর্তারা জানিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, শনিবার ভোররাতে রাশিয়া ইউক্রেনের জ্বালানি খাত এবং রেলওয়ে অবকাঠামো লক্ষ্য করে ৪৮০টি ড্রোন এবং ২৯টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। খবর বিডিনিউজের।

টেলিগ্রাম অ্যাপে জেলেনস্কি বলেন, রাশিয়া ইউক্রেনের আবাসিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করার চেষ্টা থেকে সরে আসেনি। জীবনের বিরুদ্ধে বর্বর এ হামলা নিয়ে অংশীদারদের কাছ থেকে প্রতিক্রিয়া আসা উচিত আর সমর্থন অব্যাহত রাখা উচিত।

ইউক্রেনীয় বিমান বাহিনীর দাবি, তাদের এয়ার ডিফেন্স ৪৫৩টি ড্রোন এবং ১৯টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে ২৬টি ড্রোন এবং ৯টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদে সফল হয়েছে, যা দেশটির অন্তত ২২টি স্থানে আঘাত হেনেছে।

খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানান, একটি পাঁচতলা আবাসিক ভবনে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে শিশুসহ ১০ জনের মৃত্যু হয়। হামলায় আরও ১৫ জন আহত হয়েছেন এবং অন্তত ১৯টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে হানা নামের এক বাসিন্দা বলেন, বিস্ফোরণের ২০ মিনিট পর যখন এখানে পৌঁছালাম, আমার মনে হচ্ছিল স্ট্রোক হবে। পা কাঁপছিল, কথা সরছিল না। সেখানে সাধারণ মানুষ থাকতো। তারা কাকে লক্ষ্য করে হামলা চালাল?

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেনকো জানিয়েছেন, রাজধানী কিয়েভে একটি জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলার পর চার এলাকার ২৮০৬টি অ্যাপার্টমেন্ট ভবনের হিটিং ব্যবস্থা বা ঘর গরম রাখার পদ্ধতি অচল হয়ে পড়েছে।

হামলায় সেখানে অন্তত তিনজন আহত হয়েছেন। জাতীয় গ্রিড অপারেটর উক্রেনারগো জানিয়েছে, হামলার পর দেশের সাতটি অঞ্চলে জরুরি লোডশেডিং শুরু করা হয়েছে।

এছাড়া ইউক্রেইনের মধ্যাঞ্চলে চারটি রেলওয়ে স্টেশন এবং দক্ষিণাঞ্চলীয় ওদেসা বন্দরেও হামলা চালিয়েছে রাশিয়া। ওদেসায় একটি শস্য গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভোজ্যতেলের কন্টেইনারে আগুন ধরে গেছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধমধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধবালেন্দ্র শাহ : র‌্যাপার থেকে রাজনীতিবিদ