ইউক্রেনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযানের জেরে অনির্দিষ্টকালের জন্য সম্পদ অবরুদ্ধ করে রাখার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে মামলা করেছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। ব্লুমবার্গ এক প্রতিবেদনে লিখেছে, লুঙ্মেবুর্গে ইউরোপীয় ইউনিয়নের জেনারেল কোর্টে মামলা করার কথা মঙ্গলবার বিবৃতি দিয়ে জানিয়েছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। খবর বিডিনিউজের।
বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালের ১২ ডিসেম্বর ইউরোপীয় কাউন্সিল যে বিধিমালা জারি করেছে, সেই সিদ্ধান্তকেই আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের দাবি, আন্তর্জাতিক আইনে বিচার পাওয়ার মৌলিক ও অখণ্ড অধিকার, সম্পত্তির অখণ্ডতা এবং রাষ্ট্র ও কেন্দ্রীয় ব্যাংকের সার্বভৌম দায়মুক্তি নিশ্চিত করা হলেও ইউরোপীয় কাউন্সিলের বিধিমালায় তা লঙ্ঘন করা হয়েছে। ইইউ সদস্য রাষ্ট্রগুলো গত ডিসেম্বরে প্রায় ২১০ বিলিয়ন ইউরো (২৪৬ বিলিয়ন ডলার) মূল্যমানের রুশ রাষ্ট্রীয় সম্পদ অবরুদ্ধের আদেশের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর ওই সম্পদগুলো ইউরোপীয় ইউনিয়ন অবরুদ্ধে করে। ইইউর পরিকল্পনা হল, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এবং ইউক্রেইনকে রশিয়া ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত এই সম্পদগুলো অবরুদ্ধ রাখা হবে। ওই অর্থের বড় অংশ আটকে আছে ইউরোক্লিয়ার নামের একটি আর্থিক প্রতিষ্ঠানে। তবে ইউক্রেনকে সহায়তার জন্য এই তহবিল ব্যবহার করে ঋণ দেওয়ার চেষ্টার বিরোধিতা করে আসছে বেলজিয়াম সরকার।
রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের এই মামলা যদিও আইনের তুলনামূলকভাবে ছোট একটি বিষয় নিয়ে, তবুও এর ফলে ইউক্রেন যুদ্ধে ক্রেমলিনকে সহায়তার জন্য নেওয়া রাশিয়ার অর্থনৈতিক পদক্ষেপগুলো নিয়ে কেন্দ্রীয় ব্যাংককে প্রশ্ন ও নজরদারির মুখে পড়তে হতে পারে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ইউরোপীয় কাউন্সিলের ওই বিধিমালার কারণে তাদের সম্পদ স্থানান্তরের সুযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে এবং এসব সম্পদ নিয়ে নিজেদের অধিকার রক্ষায় আদালতের শরণাপন্ন হওয়ার সুযোগও তারা পাচ্ছে না। এমনকি এসব সম্পদের সঙ্গে সম্পর্কিত কোনো আদালতের রায় বা সালিশি সিদ্ধান্ত কার্যকর করাও সম্ভব হচ্ছে না।
রাশিয়ার দাবি, ইউরোপীয় কাউন্সিল সর্বসম্মত সিদ্ধান্তের পরিবর্তে সংখ্যাগরিষ্ঠ ভোটে এই বিধিমালা পাস করে ইইউর প্রক্রিয়াগত নিয়মের গুরুতর লঙ্ঘন করেছে। ব্লুমবার্গ লিখেছে, ইউরোপীয় কমিশন রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের এই মামলার বিষয়ে অবগত রয়েছে বলে জানিয়েছেন কমিশনের মুখপাত্র বালাজ উজভারি। তিনি সাংবাদিকদের বলেন, এই বিধিমালা যে ইইউর আইন ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সে বিষয়ে আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী। ইইউ এই বিধিমালা প্রকাশ করার কিছুদিন পরই রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হুমকি দিয়েছিল, যদি জব্দ করা সম্পদ ইউক্রেইনকে সহায়তা করতে ব্যবহার করা হয়, তাহলে ইউরোপীয় দেশগুলোর স্থানীয় আদালতে ক্ষতিপূরণ দাবি করবে তারা। গত ডিসেম্বরে মস্কোর একটি আদালতে ১৮ দশমিক ২ ট্রিলিয়ন রুবল (২৩৫ বিলিয়ন ডলার) দাবি করে ইউরোক্লিয়ারের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক।












