আ. লীগের চার চেয়ারম্যান প্রার্থীসহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১০ জন

সাতকানিয়া ইউপি নির্বাচন

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ২৩ জানুয়ারি, ২০২২ at ৭:৩৫ পূর্বাহ্ণ

 

 

সাতকানিয়ায় আওয়ামী লীগের মনোনীত ৪ চেয়ারম্যান প্রার্থীসহ ১০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে নির্বাচিতরা হলেন কেঁওচিয়ায় মো. ওচমান আলী, সাতকানিয়া সদর ইউনিয়নে মোহাম্মদ সেলিম উদ্দিন, পুরানগড়ে আ ফ ম মাহাবুবুল হক সিকদার ও মাদার্শা ইউনিয়নে আবু নঈম মোহাম্মদ সেলিম। গতকাল শনিবার প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এসব ইউনিয়নে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মন্ডল জানান, তিন ইউনিয়নে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা হয়। যাচাইবাছাইয়ে তাদের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়। তাই এরা তিনজনই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এছাড়া সাতকানিয়া সদর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. রিদুয়ানুল কবির নির্বাচনী এলাকায় ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকায় যাচাইবাছাইয়ের দিন তার মনোনয়নপত্র বাতিল করা হয়। ফলে ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত মোহাম্মদ সেলিম উদ্দিন ব্যতীত অন্য কোনো প্রার্থী নেই।

এদিকে, প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন ও সাধারণ সদস্য পদে ৪ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তারা হলেন মাদার্শা ইউনিয়নের সংরক্ষিত ১ নং ওয়ার্ডে হাছিনা আকতার, সংরক্ষিত ২ নং ওয়ার্ডে জুলেখা বেগম, সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে আবুল হোসেন, ২ নং ওয়ার্ডে নুর আহমদ, পুরানগড় ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে মাস্টার মো. এনামুল হক ও ৭ নং ওয়ার্ডে আবু তাহের।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পরবর্তী নিবন্ধটিকা সনদ না দেখে খাবার পরিবেশন, ৯ রেস্টুরেন্টকে জরিমানা