আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

| শনিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান বলে তথ্য দিয়েছেন তার উপপ্রেস সচিব মো. সুজাদ্দৌলা। খবর বিডিনিউজের।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সিএমএইচে চিকিৎসাধীন ওই সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি আহত সেনা কর্মকর্তার পরিবারের সাথেও কথা বলেছেন এবং তাদের সাহস ও সান্ত্বনা দিয়েছেন। প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। তার সুচিকিৎসা নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

এ সময় সেনা প্রধান জেনারেল ওয়াকারউজজামান সেখানে উপস্থিত ছিলেন।

হাটহাজারীতে গত বুধবার সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময়ে আকস্মিক দুঘর্টনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত হন এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি করা হয়েছে।

উপপ্রেস সচিব বলেন, দুর্ঘটনায় দুই সেনা সদস্যের মৃত্যুতে ইতিমধ্যে প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধইয়াবার ব্যাগে পিস্তল-গুলি, চেকপোস্টে ধরা ২
পরবর্তী নিবন্ধহাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর