ফটিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিনা কুমার ত্রিপুরা নামে আরও এক যুবকের মৃত্যু হয়।
নিহত চিনা কুমার উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজিরখিল চা–বাগান এলাকার মাহেন্দ্র ত্রিপুরার ছেলে। এর আগে গত সোমবার ইফতারের ঠিক আগমুহূর্তে চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পেলাগাজী দিঘির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছিল।
নিহতরা হলেন হারুয়ালছড়ি ইউনিয়নের উরাং পাড়া এলাকার নয়ন (১৬), তপু (১৬) ও উত্তম (১৯)। তারা সবাই পেশায় রাজমিস্ত্রি ছিলেন। এ নিয়ে মোটরসাইকেলে থাকা চার আরোহীর সবাই প্রাণ হারালেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির মানিকছড়ি এলাকায় একটি ‘বউভাত’ অনুষ্ঠান শেষ করে যাত্রীবাহী বাসটি বোয়ালখালীর দিকে যাচ্ছিল। পথে ফটিকছড়ির পেলাগাজী দিঘির মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং বাসের অন্তত ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হন। ফটিকছড়ি ট্রাফিক ইনচার্জ (টিআই) মফিজ উদ্দিন বলেন, দুর্ঘটনার দিনই তিনজন মারা যান। আজ (মঙ্গলবার) সকালে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় মোট চারজন নিহত হলেন।












