চট্টগ্রাম–১০ আসনের উপ–নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুকে বিজয়ী করতে নারী সমাজের প্রতি আহ্বান জানিয়ে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেন, নারীরা সমাজের অর্ধেক অংশ। তারা সমাজ উন্নয়নেও পুরুষের পাশাপাশি সমান অংশীদার। এই এলাকার আর্থ–সামাজিক উন্নয়নে মহিলাদের সম্পৃক্ততা বাড়ানোর জন্য নৌকার প্রার্থীর বিজয়ের কোনো বিকল্প নেই।
তিনি গতকাল শুক্রবার বিকেলে সরাইপাড়া ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে সরাইপাড়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি জানে তারা নির্বাচন করে ক্ষমতায় আসতে পারবে না। নির্বাচন বানচাল করার জন্য নানা ষড়যন্ত্র করছে এবং ঠুনকো অজুহাত তৈরি করছে। এসবের বিরুদ্ধে নারী সমাজকে অগ্রবর্তী ভূমিকা পালন করতে হবে।
ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শিরিণ আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নিলু নাগ, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আসলাম হোসন, ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক ও কাউন্সিলর নুরুল আমিন, যুগ্ম আহ্বায়ক মো. শওকত আলী, শামীমা বেগম, সৈয়দ খান, সফিউর রহমান, রওশন রোজি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












