চট্টগ্রামসহ সারা দেশের চারুশিল্পী, আবৃত্তিশিল্পী, নাট্যকর্মী, সাংস্কৃতিককর্মী এবং শিল্পানুরাগীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ভিন্নধর্মী প্ল্যাটফর্ম আর্ট ক্লাব বিডির আত্মপ্রকাশ ঘটেছে। গত ১৭ ফেব্রুয়ারি আমবাগান এ কে খান গ্রুপের কর্পোরেট অফিসের সভা কক্ষে আত্মপ্রকাশ অনুষ্ঠানে ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট এ কে খান গ্রুপ অব কোম্পানির কর্ণধার এ কে শামসুদ্দিন খান বলেন, দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে শিল্পী ও শিল্পানুরাগীদের একটা পৃথক গুরুত্ব থাকা উচিত। বিশ্বের বিভিন্ন দেশে শিল্পীদের যে কদর দেখা যায় তা আমাদের দেশে নেই বললেই চলে। অথচ দেশের ক্রান্তিকালে সর্বাগ্রে এগিয়ে আসেন শিল্পীসমাজ। তাদের আর্থিক দীনতা থাকলেও মননের ঋজু বলিষ্ঠতা দিয়ে সমাজ–রাষ্ট্রকে সঠিক পথ দেখাতে পারেন।
তিনি বলেন, শিল্প ও সংস্কৃতির সকল শাখার মানুষদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি এবং সৃজনশীল চর্চাকে বেগবান করার অভিপ্রায়ে আমাদের এই উদ্যোগ। দেশের শিল্প–সংস্কৃতির বিকাশে আর্ট ক্লাব বিডি সবার সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের ফাউন্ডার ভাইস প্রেসিডেন্ট চারুশিল্পী কাজী সুজা উদ্দিন আহমেদ, বোর্ড অব ডিরেক্টর ভাস্কর অলক রায়, স্বপন আচার্য, মোস্তফা আরশাদ তারু, লক্ষী ধর, সিমা ইসলাম, শায়েলা শারমিন, সুফিয়া বেগম, তসলিমা আকতার বাঁধন, শুভশ্রি গুঞ্জন, মোসলেহ উদ্দিন খান, একেএম আসাদুজ্জামান, আবৃত্তিশিল্পী ফারুক তাহের, সনজিৎ রায় ও মো. ফজলে রাব্বি। অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে মতামত ব্যক্ত করেন ফারুক ইকবাল, সাইদুল ইসলাম, নাজমুল আলিম সাদেকী, সুবল বড়ুয়া, সোহেল সরওয়ার, শাহরিয়ার হাসান, কামাল পারভেজ, রেজাউল করিম, রুমেল চৌধুরী, শওকত হোসেন, জুয়েল শীল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












