আরো ৫৮ হাজার টন গম এলো আমেরিকা থেকে

আজাদী প্রতিবেদন | রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:০৭ পূর্বাহ্ণ

আমেরিকা থেকে আরো ৫৮ হাজার ৩৫৯ টন গম নিয়ে এমভি ডব্লিউএফ আরটেমিস নামের একটি মাদার ভ্যাসেল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তি জিটুজি০২এর অধীনে এসব গম আমদানি হচ্ছে। জিটুজি০২ চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে, যার তৃতীয় চালান হিসেবে ৫৮ হাজার ৩৫৯ টন গম নিয়ে জাহাজটি এখন চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে। এর আগে প্রথম ও দ্বিতীয় চালানে মোট ১ লাখ ১৪ হাজার ৯৩ টন গম দেশে এসেছে।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। নমুনা পরীক্ষা শেষে গমগুলো দ্রুততম সময়ের মধ্যে খালাস করা হবে বলে খাদ্য বিভাগের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে। জিটুজি০১ চুক্তির আওতায় ইতোপূর্বে ২ লাখ ২০ হাজার টন গম আমদানি করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে বছরে প্রায় সাত লাখ টন গম আমদানি করা হবে বলেও সংশ্লিষ্ট একটি সূত্র জানায়।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালী আসনে জামায়াত প্রার্থী সরে না যাওয়ায় আনোয়ারা আসনে সমর্থন প্রত্যাহার এনসিপির
পরবর্তী নিবন্ধশিশুরা খেলতে গিয়ে কুড়িয়ে পেল দুটি গ্যাস গ্রেনেড