আরব লীগের পরবর্তী মহাসচিব হচ্ছেন মিশরের নাবিল ফাহমি

| মঙ্গলবার , ৩১ মার্চ, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

মিশরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমিকে আরব লীগের পরবর্তী মহাসচিব পদে সমর্থন দিয়েছেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা। খবর বিডিনিউজের।

রোববার জোটের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের ১৬৫তম বৈঠকে ফাহমি সব আরব দেশের সমর্থন পান বলে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে। সৌদি আরবে হতে যাওয়া আসন্ন আরব সম্মেলনে এ নিয়োগ চূড়ান্ত হবে। চলতি বছরের ১ জুলাই থেকে ফাহমির পাঁচ বছরের মেয়াদ শুরু হবে। মিশরের এখনকার পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেছেন, আরবদের যৌথ কর্মকাণ্ডে মিশরের ভূমিকায় আরব দেশগুলো যে এখনও আস্থাশীল ফাহমির প্রতি সর্বসম্মত সমর্থনেই তা বোঝা যায়। মনোনয়ন দেওয়ায় মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আলসিসিকে ধন্যবাদ জানিয়েছেন ফাহমি, তাকে সমর্থন দেওয়ায় আরব লীগের সদস্য দেশগুলোর প্রতি তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

আরব বিশ্ব যখন বড়সড় চ্যালেঞ্জের সম্মুখীন এবং যখন দুনিয়াজুড়েই আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনা ঘটেই চলেছে তখন আরব লীগের মহাসচিবের দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ, বলেছেন তিনি। আরব অঞ্চলজুড়ে নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়ন জোরদারে তিনি সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করারও অঙ্গীকার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৫৯.২০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধতেলের দাম উঠল ১১৫ ডলারে, এশিয়ার শেয়ারবাজারে পতন