আরও ৪৫৯ অস্থায়ী কর্মচারীকে স্থায়ী করলেন মেয়র

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

বিক্ষোভের ৮ম দিনের মাথায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৪৫৯ জন অস্থায়ী কর্মচারীকে স্থায়ী করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল সোমবার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন তিনি। এর আগে ৫ ফেব্রুয়ারি আন্দোলনের মুখে সংস্থাটির ২০৩ জন অস্থায়ী গাড়ি চালককে স্থায়ী করা হয়। এরপর ৮ ফেব্রুয়ারি চাকরি স্থায়ী করার দাবিতে বিক্ষোভ করেন অন্যান্য বিভিন্ন বিভাগের অস্থায়ী কর্মচারীরা। ওইদিন মেয়র দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে কর্মরত কর্মচারীদের চাকরি পর্যায়ক্রমে স্থায়ী করার আশ্বাস দেন। এরপ্রেক্ষিতে গতকাল স্থায়ী করা হয়।

চসিক সূত্রে জানা গেছে, গতকাল যাদের স্থায়ী করা হয় তারা চসিকের বিভিন্ন বিভাগের ১৯ ক্যাটাগরির পদে কর্মরত ছিলেন। এর মধ্যে সর্বোচ্চ ১৬৬ জন বৈদ্যুতিক হেলপার রয়েছেন। এছাড়া ৮৩ জন বৈদ্যুতিক হেলপার, ৬৮ জন শ্রমিক, ১ জন রাজমিস্ত্রি, ১ জন কাঠমিস্ত্রি, ৬ জন মেকানিক (ভারী কাজে দক্ষ), ৪ জন আধা দক্ষ মেকানিক, ১ জন অটো ইলেকট্রিশিয়ান, ২ জন জেনারেটর মেকানিক (ইঞ্জিন ও অল্টারনেটর), ৩ জন ফোরম্যান, ২ জন মটর মেকানিক, ৪ জন যান্ত্রিক শাখার মেকানিক, ৫ জন অফিস সহকারী, ১৫ জন সহকারী শিক্ষক, ৫৬ জন আয়া, ৯ জন দপ্তরি, ২ জন ল্যাচ সহকারী, ৩০ জন অফিস সহায়ক ও ১ জন পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন।

এদিকে গতকাল স্থায়ী করার ঘোষণা দিয়ে মেয়র বলেন, চসিকের উন্নয়ন কার্যক্রম গতিশীল রাখতে দক্ষ ও অভিজ্ঞ জনবল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দীর্ঘদিন অস্থায়ীভাবে দায়িত্ব পালনকারী কর্মচারীরা নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সাথে কাজ করে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে ভূমিকা রেখেছেন। তাদের ন্যায্য অধিকার ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, অস্থায়ী কর্মচারীদের পর্যায়ক্রমে স্থায়ী করার প্রক্রিয়া চলমান থাকবে। প্রশাসনিক কাঠামো, আর্থিক সক্ষমতা ও বিধিবিধান পর্যালোচনা করে ধাপে ধাপে যোগ্য কর্মচারীদের স্থায়ীকরণ করা হবে। এতে কর্মপরিবেশ আরও স্থিতিশীল হবে এবং সেবার মান বৃদ্ধি পাবে।

মেয়র বলেন, অস্থায়ী যে সমস্ত কর্মচারীদের স্থায়ী করার জন্য জনবল কাঠামোতে পদ আছে এবং মন্ত্রণালয়ের ছাড়পত্র আছে সে সব পদে আমরা পর্যায়ক্রমে স্থায়ী করে দিচ্ছি ও এর বাইরে যারা অস্থায়ী আছেন তাদের স্থায়ীকরণের বিষয়ে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে অন্যান্য পদে কর্মরত অস্থায়ী কর্মচারীদেরও স্থায়ী করে দেয়া হবে।

ডা. শাহাদাত হোসেন বলেন, কর্মচারীদের চাকরি স্থায়িত্ব নিশ্চিত হলে তাদের মধ্যে দায়িত্ববোধ ও কর্মউদ্দীপনা বৃদ্ধি পায়, যা সরাসরি নগরবাসীর সেবায় ইতিবাচক প্রভাব ফেলে। তিনি সবাইকে আন্তরিকতা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধএক হাসিনায় আটকে থাকবে না ভারত-বাংলাদেশ সম্পর্ক : ফখরুল
পরবর্তী নিবন্ধসরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত : আমির