আরএস বিএস অনুযায়ী হিজড়া খালের মূল প্রস্থ ফিরিয়ে আনা হচ্ছে

সংস্কার ও খনন কাজ পরিদর্শনে মেয়র

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

আরএস, পিএস ও বিএস ম্যাপ অনুযায়ী হিজড়া খালের মূল প্রস্থ ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, একসময় ৩০ ফুট প্রশস্ত থাকলেও অবৈধ দখলের কারণে অনেক জায়গায় হিজড়া খাল ১২১৫ ফুটে সংকুচিত হয়ে পড়ে। আরএস, পিএস ও বিএস ম্যাপ অনুযায়ী খালকে তার মূল প্রস্থে ফিরিয়ে আনা হচ্ছে। খালটিকে তার মূল অবস্থায় ফিরিয়ে আনার জন্য এবং বৃহত্তর জনস্বার্থে খালের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা আংশিক অপসারণ করা হবে।

গতকাল শনিবার সকালে কাতালগঞ্জ এলাকায় হিজড়া খাল সংস্কার ও খনন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। জলাবদ্ধতা নিরসনে সিডিএর গৃহীত মেগা প্রকল্পের আওতায় খালটি সংস্কার করা হচ্ছে। এ কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন মেয়র। একইসঙ্গে আগামী বর্ষা মৌসুমের আগেই দ্রুত কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নগরের দীর্ঘদিনের অভিশাপ জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে যাচ্ছে কাতালগঞ্জসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা। সংস্কার কাজের জন্য সাময়িক ভোগান্তি হলেও আগামী দুইতিন মাসের মধ্যে এই এলাকা চিরতরে জলাবদ্ধতামুক্ত হবে বলে আশা করছি।

ডা. শাহাদাত বলেন, গত বর্ষা মৌসুমে নগরের অনেক এলাকায় জলাবদ্ধতা কমলেও কাতালগঞ্জ এলাকায় পানি জমেছিল। আমি নিজে সরেজমিনে নালা পরিষ্কার করে সমস্যার মূল কারণ অনুসন্ধান করেছি। তখনই বুঝেছি, সাময়িক সমাধান নয়, স্থায়ী সমাধানের জন্য খালের প্রশস্ততা ফিরিয়ে আনা জরুরি। তিনি বলেন, স্থায়ী সমাধানের অংশ হিসেবে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের অধীনে ৩৬টি খাল খনন প্রকল্পের আওতায় হিজড়া খালের সংস্কার কাজ চলছে। গোলপাহাড় ও মেহেদীবাগ থেকে শুরু হওয়া এই খালটি কাতালগঞ্জ, পাঁচলাইশ, চকবাজার ও কাপাসগোলা হয়ে ফুলতলীচাক্তাই খালে গিয়ে মিশেছে। জলাবদ্ধতা নিরসনের জন্য গুরুত্বপূর্ণ এই খাল।

নগরের ড্রেনেজ ব্যবস্থা আর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন হলে জলাবদ্ধতা হ্রাসে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হবে জানিয়ে মেয়র বলেন, এ লক্ষ্যে সিটি কর্পোরেশন কাজ করছে। তিনি বলেন, চট্টগ্রামকে একটি ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি হিসেবে গড়ে তুলতে ১৬০০ কিলোমিটার ড্রেন উন্নয়ন, আধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) তৈরির কাজ ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধস্পিকারের স্ত্রী দিলারা হাফিজের ইন্তেকাল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
পরবর্তী নিবন্ধএই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী