দক্ষিণ আফ্রিকা–আফগানিস্তানের লড়াইয়ে ক্রিকেটীয় উত্তেজনার পাশাপাশি অন্য একটু উত্তেজনাও দেখা গিয়েছিল, যেখানে বিতর্কে জড়িয়েছিলেন মোহাম্মদ নবি। সেটির খেসারত দিতে হচ্ছে আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারকে। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয় নাবিকে। একই সঙ্গে তার নামের পাশে যোগ করা হয় একটি ডিমেরিট পয়েন্ট। আইসিসি জানায় আচরণবিধির ২.৪ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয় নবির বিরুদ্ধে, যেখানে উল্লেখ করা আছে, ‘আন্তর্জাতিক ম্যাচ চলার সময় আম্পায়ারের নির্দেম অমান্য করা।’ আহমেদাবাদে বুধবার আফগানিস্তানের রান তাড়ায় চতুর্দশ ওভার শুরুর আগের ঘটনা সেটি। নতুন স্পেলে বোলিং আসেন লুঙ্গি এনগিডি, যিনি বোলিং করছিলেন হাতে সাদা রিস্ট ব্যান্ড লাগিয়ে। ডানহাতি এই পেসারে বাঁ হাতে ছিল সাদা রিস্ট ব্যান্ড। তবে সাদা রিস্ট ব্যান্ডের কারণে সাদা বল দেখতে অসুবিধা হয় জানিয়ে এনগিডিকে রিস্ট ব্যান্ড খুলতে বলেন নাবি। দক্ষিণ আফ্রিকার এই পেসার তা করতে রাজি হননি। এ সময় নবিকে এগিয়ে গিয়ে কিছু বলতে দেখা যায়। দুই আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ ও ভারতের জায়ারামান মদনগোপাল গিয়ে কিছু একটা বলেন নবিকে। আম্পায়ারদের সঙ্গেও বেশ কিছুক্ষণ ধরে কথা বলেন ৪১ বছর বয়সী ক্রিকেটার। এক পর্যায়ে এগিয়ে যান এইডেন মার্করাম। দক্ষিণ আফ্রিকা অধিনায়কের সঙ্গেও কিছু বলতে দেখা যায় নবিকে। মাঠের দুই আম্পায়ারের সঙ্গে টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার মিলে আনুষ্ঠানিক অভিযোগ আনেন। নাব মেনে নেন নিজের দায় ও ম্যাচ রেফারির দেওয়া শাস্তি। তাই শুনানির প্রয়োজন পড়েনি। নবিদের পরের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সোমবার দিল্লিতে।












