অভাব নেই, তবুও বিনা পরিশ্রমে সুবিধা নেওয়ার চেষ্টায় থাকা এক দম্পতির গল্পে নির্মিত হয়েছে নাটক ‘আমি বেশি গরীব’। নাটকে এই দম্পতির চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও জান্নাতুল সুমাইয়া হিমি। ঈদের জন্য নির্মিত হয়েছে নাটকটি। এটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। প্রচার হবে আরটিভিতে। খবর বিডিনিউজের।
সমপ্রতি শেষ হয়েছে নাটকটির দৃশ্যধারণ। বিজ্ঞপ্তিতে নাটকটি নিয়ে মোশাররফ বলেন, এ নাটকের গল্পটা বেশ মজার। এক দম্পতির গল্প, যাদের মধ্যে কোনো কৃতজ্ঞতাবোধ নেই, তাদের অনেক আছে, কিন্তু সবসময় শুধু নাই নাই করে। বিনা পরিশ্রমে গরিব সেজে ফাও খাওয়ার ধান্ধা। হিমির সঙ্গে আমার বেশকিছু নাটক করা হয়েছে। সে ঠিকঠাকমত অভিনয়টা করতে চায়। দর্শকও তাকে বেশ পছন্দ করে।
নির্মাতাকে নিয়ে এই অভিনেতার ভাষ্য, আশিক যখন লাভলু (নির্মাতা সালাউদ্দিন লাভলু) ভাইয়ের সহকারী হিসেবে কাজ করে, তখন থেকেই তাকে জানি আমি। তারপর আশিক যখন এককভাবে পরিচালক হিসেবে কাজ শুরু করে, তারপর থেকে এখন পর্যন্ত বেশকিছু নাটকে কাজ করা হয়েছে। চুপচাপ বেশ সচেতন থেকে নাটক নির্মাণের চেষ্টা করে। ‘আমি বেশি গরীব’ নাটকে একজন পেশাদার ভিক্ষুকের চরিত্রে অভিনয় করেছেন হিমি। নির্মাতা আশিক এর আগে মোশাররফ ও হিমিকে নিয়ে ‘মাথা গরম জামাই’, ‘আমি মরি নাই’, ‘বাঁইচা থাইকা লাভ কী’ নাটকগুলো নির্মাণ করেছেন।












