‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’…। রক্তে রাঙানো ফেব্রুয়ারি, ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি মাস শুরু হচ্ছে আজ। আজ থেকে ধ্বনিত হবে অমর সঙ্গীতের অমিয় বাণী। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন বাঙালি জাতি মাসজুড়ে তাদের প্রতি ভালোবাসা জানাবে।
ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন–শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেরণা। তারই পথ ধরে শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন এবং একাত্তরে ৯ মাস পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্যদিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
ফেব্রুয়ারি মাস একদিকে শোকাবহ হলেও অন্যদিকে আছে এর গৌরবোজ্জ্বল দিক। কারণ এ মাসে পৃথিবীতে একমাত্র জাতি হিসেবে বাঙালিরা ভাষার জন্য জীবন দিয়েছিলেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির প্রথম প্রহর শুরু হবে।
এদিকে সন্দীপনা কেন্দ্রীয় সংসদের সঙ্গীত, নাটক, আবৃত্তি, চারুকলা, নৃত্য ও লোককলা বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্বোধনী কর্মসূচি আজ রোববার সকাল ৭টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শুরু হবে। পরবর্তী কর্মসূচি পালিত হবে বিকাল ৫টায় টিআইসি হলে। কর্মসূচিতে থাকবে ‘সর্বস্তরে বাংলাভাষা নিশ্চিত করার অঙ্গীকারে ভূমিকা রাখার সময় এখন’ শীর্ষক আলোচনা সভা, সন্দীপনা ঘোষিত একুশের স্মারক সম্মাননা প্রদান, বর্ণিল বর্ণমালা খচিত পোশাকে শিশু–কিশোরদের আলোর মিছিল, সঙ্গীত–আবৃত্তি–নৃত্য ও নাট্য প্রদর্শনী। কর্মসূচি সফল করতে সন্দীপনার কেন্দ্রীয় সভাপতি রওশন আরা চৌধুরী ও সাধারণ সম্পাদক ভাস্কর ডি কে দাশ মামুন আহ্বান জানিয়েছেন।












